মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের ধলেশ্বরী ব্রিজসংলগ্ন মাঠের শহীদ মিনার থেকে নিখোঁজ কিশোর সিহাবের (১৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত সিহাব সদর উপজেলার হিজুলি গ্রামের সেলিমের ছেলে। সে দীর্ঘদিন যাবত মেঘশিমুল এলাকায় নানার বাড়িতে বাস করছিল এবং মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারে এক মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ছুটি নিয়ে সিহাব কাজে যায়নি। এরপর রাত থেকে সে নিখোঁজ ছিল। পরদিন রোববার সকাল ৬টার দিকে শহীদ মিনারে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
