ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শতকোটির প্রকল্পে মেলেনি প্রত্যাশিত ফল

শতকোটির প্রকল্পে মেলেনি প্রত্যাশিত ফল

নবপ্রকাশ ডেস্ক:

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন জেলায় সেচ সুবিধা বৃদ্ধি করে অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্য নিয়ে শুরু হওয়া ‘মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প’-এ চরম অনিয়ম ও অর্থ অপচয়ের চাঞ্চল্যকর চিত্র ভেসে উঠেছে। পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পে ২৪৮ কোটি টাকা ব্যয় করা হলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন হাজার হাজার কৃষক। কোথাও অচল পাম্প, কোথাও যন্ত্রপাতি চুরি, আবার কোথাও অপরিকল্পিত খাল খননের ফলে উল্টো জমিতে পানি প্রবেশ ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ বিভাগ ২০২০ সালে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় এই প্রকল্পটি শুরু করে, যা গত বছর সমাপ্ত হয়। প্রকল্পের মূল লক্ষ্য ছিল সেচ অবকাঠামো উন্নত করে তিন জেলায় অতিরিক্ত ৬৮ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন করা, কৃষকের আয় বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা সুসংহত করা। ২৪৮ কোটি টাকার বাজেটের মধ্যে আওয়ামী লীগ সরকারের মেয়াদে ২০০ কোটি টাকা এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ৪৮ কোটি টাকা খরচ করা হয়। এর মধ্যে কেবল কুষ্টিয়ার ছয়টি উপজেলাতেই ব্যয় করা হয়েছিল শতকোটি টাকার বেশি।

তবে কুষ্টিয়া অঞ্চলের মাঠপর্যায়ের বাস্তব চিত্র নথিপত্র ও অনুসন্ধানে সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় কৃষকদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব বিস্তার, বিএডিসি কর্মকর্তাদের পছন্দের ঠিকাদারদের কাজ বণ্টন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণের কারণে কোটি কোটি টাকা ব্যয় হলেও প্রকল্পটি কৃষকদের কোনো কাজে আসেনি। অনেক জায়গায় পাম্প বসানোর কিছুদিন পরই তা বিকল হয়ে পড়ে রয়েছে কিংবা তদারকির অভাবে চুরির খাতায় নাম লিখিয়েছে।

একদিকে ২৪৮ কোটি টাকার আগের প্রকল্পের কার্যকারিতা ও ব্যয়ের সঠিক নিরপেক্ষ মূল্যায়ন না হওয়া, অন্যদিকে বিএডিসির সেচ বিভাগ থেকে একই তিন জেলায় নতুন করে ৬৮১ কোটি টাকার আরও একটি বিশাল প্রাক্কলিত প্রকল্পের প্রস্তাব পাঠানোকে কেন্দ্র করে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। খাতা-কলমে সেচ ব্যবস্থার উন্নয়নের চিত্র দেখানো হলেও বাস্তবে সরকারের বিপুল অঙ্কের অর্থের অপচয় ও দুর্নীতির খতিয়ান উদঘাটিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাধারণ কৃষকরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে