বিনোদন ডেস্ক
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর একমাত্র মেয়ে তানি লায়লা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর ও এআই দিয়ে তৈরি ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি জানিয়েছেন, তাঁর মা সুস্থ ও জীবিত আছেন।
বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা তানি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন। তাঁর অভিযোগ, সামান্য অর্থ উপার্জনের আশায় কিছু অ্যাকাউন্ট থেকে রুনা লায়লার মৃত্যুর মতো স্পর্শকাতর খবর ছড়ানো হচ্ছে। এসব ভুয়া পোস্ট ও এআইনির্ভর ভিডিওর বিরুদ্ধে রিপোর্ট করার উদ্যোগও নিয়েছেন তিনি।
তানি জানান, একের পর এক ভুয়া কনটেন্ট ছড়ানোয় তিনি অতিষ্ঠ। রুনা লায়লার মতো বরেণ্য শিল্পীকে নিয়ে এমন মিথ্যা তথ্য প্রকাশ শুধু বিভ্রান্তিই তৈরি করছে না, পরিবারের জন্যও তা অত্যন্ত কষ্টদায়ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে তানি স্পষ্ট করে বলেন, তাঁর মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত। মৃত্যুর সঙ্গে লড়াই করার মতো কোনো পরিস্থিতিতেও তিনি নেই। ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলো এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।
গণমাধ্যমকেও এ ধরনের খবর প্রকাশের আগে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন তানি। পাশাপাশি রুনা লায়লার ভক্তদের এসব ভুয়া অ্যাকাউন্ট ও কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করার অনুরোধ করেছেন তিনি।
ছয় দশকের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে সক্রিয় থেকে অসংখ্য শ্রোতার ভালোবাসা পেয়েছেন রুনা লায়লা। তাই তাঁকে ঘিরে মৃত্যুর মতো গুজব ছড়িয়ে পড়ায় পরিবারের পাশাপাশি ভক্তদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হচ্ছে।
