ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে ব্যাপক উদ্দীপনা, মাদ্রাসা মাঠে ভাষণ বিকালে

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে ব্যাপক উদ্দীপনা, মাদ্রাসা মাঠে ভাষণ বিকালে

নবপ্রকাশ ডেস্ক:

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী আগমনকে কেন্দ্র করে বিভাগীয় শহরটিতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই জনসভাকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

প্রধানমন্ত্রীর আগমন ও জনসভা ঘিরে রাজশাহীতে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর প্রধান সড়কগুলো সংস্কার এবং সড়ক বিভাজকে নতুন রঙের প্রলেপ দেওয়া হয়েছে। জনসভার মূল কেন্দ্রবিন্দু মাদ্রাসা মাঠে নির্মাণ করা হয়েছে সুবিশাল মঞ্চ।

ভূমিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মিজানুর রহমান মিনু জানান, “বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে কখনো রাজশাহীতে আসেননি। প্রধানমন্ত্রী তারেক রহমান এসে তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং একই সাথে রাজশাহীবাসীর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। ফলে এটি রাজশাহীর ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক ঘটনা হতে যাচ্ছে।”

জনসভায় রাজশাহীবাসীর দীর্ঘদিনের কয়েকটি প্রধান দাবি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে বলে জানান ভূমিমন্ত্রী। এসব দাবির মধ্যে রয়েছে:

  • রাজশাহী-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ,

  • রাজশাহী-কলকাতা, রাজশাহী-ঢাকা এবং রাজশাহী-চট্টগ্রাম রুটে সরাসরি ৩টি ট্রেন সার্ভিস চালু,

  • রাজশাহী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো বিমান চলাচলের পূর্ণাঙ্গ ব্যবস্থা গ্রহণ।

নিরাপত্তার বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপকমিশনার গাজিউর রহমান জানান, প্রধানমন্ত্রীর পুরো সফরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিমান অবতরণের স্থান, ভিআইপি যাতায়াতের পথ, ধর্মসভা মন্দির, সার্কিট হাউস এবং মাদ্রাসা মাঠের জনসভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো নগরী নজরদারিতে রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয়েছে প্রায় ৪০০টি সিসিটিভি ক্যামেরা। একই সাথে যানজট এড়াতে ট্রাফিক ব্যবস্থায় আনা হয়েছে বিশেষ পরিবর্তন।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে সামরিক বাহিনীর বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখান থেকে রংপুরের ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শনে যান। দুপুরে তিনি রাজশাহী পৌঁছে নগরীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করবেন।

এরপর দুপুর গড়িয়ে বিকাল ৩টায় মাদ্রাসা মাঠের মহাসমাবেশে যোগ দেবেন তিনি। জনসভা শেষে বিকালে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে জে এম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে