গোল্ডেন লাইন পরিবহনের বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ী-ফরিদপুর এবং রাজবাড়ীর দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টা থেকে এ অচলাবস্থা চলছে।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে মাহেন্দ্র ও অটোরিকশায় গন্তব্যে যেতে হচ্ছে তাদের।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজবাড়ীতে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস চলাচলে শ্রমিকরা বাধা দেন। এর জেরে ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের লোকজন ফরিদপুর বাস টার্মিনালে রাজবাড়ীর লোকাল বাস আটকে দেন এবং শ্রমিকদের মারধর করেন। এরপর দুপুর ১২টার পর থেকে দুই জেলার মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মৃধা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের সূত্রপাত হয়। ওই সময় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবহন মালিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চলবে। উভয় পক্ষই ওই সিদ্ধান্ত মেনে নেয়।
তিনি অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর গোল্ডেন লাইন পরিবহন ওই সিদ্ধান্ত উপেক্ষা করে ধীরে ধীরে ট্রিপ বাড়াতে থাকে। কোনো কোনো দিন রাজবাড়ীর ওপর দিয়ে ২৮টি পর্যন্ত ট্রিপ চালানো হয়েছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
মুরাদ হোসেন মৃধা আরও বলেন, এরই ধরাবাহিকতায় মঙ্গলবার সকালে রাজবাড়ীতে গোল্ডেন লাইন পরিবহনের চারটি বাস চলার পর বাড়তি গোল্ডেন লাইনপরিবহনের বাস চলাচলে শ্রমিকরা বাধা দেন। এর জেরে ফরিদপুর বাস মালিক সমিতির লোকজন ফরিদপুরে রাজবাড়ীর বাস আটকে দেন। এ সময় গোল্ডেন লাইনপরিবহনের শ্রমিকরা রেখা পরিবহনের একটি বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে। এরপর থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, “বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”
