রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকার একটি মাদরাসা থেকে নাঈম ইসলাম শেখ (১২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জোড়া খাম্বা এলাকার রওজাতুল উলুম হাফিজিয়া নূরানী মাদরাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাঈম ইসলাম শেখের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার মোশন গ্রামে। বর্তমানে সে পরিবারের সঙ্গে কদমতলীর মুরাদপুর এলাকায় ফজলুল হকের বাড়িতে ভাড়া থাকত এবং ওই মাদরাসায় পড়াশোনা করত।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন জানান, দুপুরে নাঈম নামাজের জন্য অজু করতে বাথরুমে যায়। দীর্ঘ সময় ধরে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মাদরাসার শিক্ষকরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তাকে কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে গলায় পরনের পাঞ্জাবি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পান। পরে তাকে নিচে নামানো হয়। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় শিক্ষার্থীকে শায়িত অবস্থায় পাওয়া যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সংবাদ প্রতিবেদন
এসআই আমজাদ হোসেন বলেন, এ ঘটনা পেছনে অন্য কোনো কারণ বা ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ে
