ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » রণক্ষেত্র ঝিনাইদহ নিহত ১

রণক্ষেত্র ঝিনাইদহ নিহত ১

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। তিনি হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের খয়বার মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন বিকেলে হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠ এলাকায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টু ও হরিশপুর গ্রামের শুভ হোসেনের মধ্যে বাগ্‌বিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে বিষয়টি নিয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব এবং পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ অন্তত আটজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দেলোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং আবু তালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

শুক্রবার সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়। আহত দেলোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে