ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » রংপুর রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী

রংপুর রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর নগরীর ঐতিহাসিক ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী মন্দির প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মন্দির কমিটি ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

অভ্যর্থনা ও শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা

মন্দিরে আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান মন্দির কমিটির সভাপতি বাবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুণ্ড, মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ।

অভ্যর্থনা পর্ব শেষে মণ্ডপে আয়োজিত স্থানীয় শিশু-কিশোরদের চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন, পূজারি ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রংপুর সফর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হওয়ার পর এবং সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রংপুর সফর।

এর আগে সকালে ঢাকা তেজগাঁও বিমানবন্দর থেকে বিশেষ সামরিক বিমানে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সড়কপথে জনস্রোত ও পরবর্তী গন্তব্য

সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় দুটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা হাজার হাজার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন তিনি।

রংপুরের ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মণ্ডপ পরিদর্শনের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানেও তিনি স্থানীয় পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে