ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নিলেও পারমাণবিক ছাড় দেবে না ইরান

যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নিলেও পারমাণবিক ছাড় দেবে না ইরান

নবপ্রকাশ ডেস্ক:

যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নেওয়াসহ উত্থাপিত শর্তসমূহ মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে প্রস্তুত রয়েছে ইরান। তবে ওয়াশিংটন সব দাবি মেনে নিলেও নিজেদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ অবস্থান নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওয়াশিংটন সম্পূর্ণভাবে ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

তেহরানের দেওয়া প্রস্তাব অনুযায়ী, প্রণালিটি উন্মুক্ত করার বিনিময়ে সাত দিনের মধ্যে লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধবিরতি, ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অবরুদ্ধ অর্থ ছাড় এবং দেশটির জ্বালানি তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনের আলোচনায় হরমুজ প্রণালি প্রধান দর-কষাকষির হাতিয়ার হয়ে উঠেছে। তেহরান নৌ অবরোধ থেকে মুক্তি ও অর্থনৈতিক স্বস্তি চাইছে, অন্যদিকে ওয়াশিংটনের মূল লক্ষ্য বিশ্ব বাণিজ্য ও তেল সরবরাহের অন্যতম প্রধান এই সমুদ্রপথে মুক্ত জাহাজ চলাচল নিশ্চিত করা।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আশা প্রকাশ করেন যে, যুদ্ধ বন্ধে একটি সুনির্দিষ্ট চুক্তি হতে পারে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই তা বাস্তবায়িত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

তবে পারমাণবিক কর্মসূচির চূড়ান্ত সীমারেখা স্পষ্ট করে ইরানের ওই কর্মকর্তা জানান, ইউরেনিয়াম সমৃদ্ধ করার মৌলিক অধিকার কিংবা দেশটিতে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর মতো মার্কিন দাবিতে কোনো সমঝোতা করবে না তেহরান। উল্লেখ্য, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোই ছিল ওয়াশিংটনের অন্যতম মূল শর্ত।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব অভিযোগ তুলে আসছে। তারা ইরানের ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে অস্ত্র তৈরির প্রমাণ হিসেবে দাবি করলেও তেহরান শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে বেসামরিক পারমাণবিক গবেষণার কথা বলে আসছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে