স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শেষ ম্যাচ—স্বাভাবিকভাবেই দিনটিকে ঘিরে বুয়েনস আইরেসে বইছে আবেগের প্রবল হাওয়া। ঘরের মাঠের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে বহুল প্রতীক্ষিত এই বিদায়ি ম্যাচটি স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনায় চলছে জমকালো প্রস্তুতি।
তবে বিদায়ের সেই রঙিন আবহের ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে অতিথি দল বেনিন শিবিরে। আর্জেন্টিনার চরম অব্যবস্থাপনা, লজিস্টিক সংকট ও প্রাথমিক সুযোগ-সুবিধার ঘাটতি নিয়ে একের পর এক গুরুতর অভিযোগ তুলে ধরেছে সফরকারীরা।
অতিথি দেশটির সঙ্গে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের ঘটনা প্রথম প্রকাশ করে আফ্রিকান জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘মেগা স্পোর্টস মিডিয়া’। পরবর্তীতে ফরাসি অনুসন্ধানী সাংবাদিক রোমাঁ মোলিনাও তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি শেয়ার করলে ফুটবল বিশ্বে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রতিবেদনে জানানো হয়, আর্জেন্টিনার মাটিতে নামার পর থেকেই নানা ধরনের লজিস্টিক সমস্যা ও প্রশাসনিক অবহেলার মুখোমুখি হতে হচ্ছে বেনিন দলকে। ঐতিহাসিক এক ম্যাচের আগে স্বাগতিক আয়োজকদের এমন অপেশাদার আচরণে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে সফরকারী দলের প্রতিনিধিরা।
