নিজস্ব প্রতিবেদক, দৈনিক নবপ্রকাশ
ঢাকা | ১৫ অক্টোবর ২০২৪
মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর সবুজবাগ সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “শিক্ষিত ও মানবিক জনশক্তিই রাষ্ট্রের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাই শিক্ষাকে জাতি গঠনের সবচেয়ে বড় রাষ্ট্রীয় বিনিয়োগ হিসেবে দেখতে হবে।”
সবুজবাগ সরকারি কলেজকে মেধাভিত্তিক একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি স্পষ্ট জানান, ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশের কাছে মেধার আপস করা হবে না। যারা কেবল মেধার পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারাই এ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে।
শিক্ষার্থীদের অবকাঠামোগত ও শিক্ষা উপকরণের সুসংবাদ দিয়ে হাবিবুর রশিদ আগামী দুই মাসের মধ্যে কলেজে ডিজিটাল বোর্ড স্থাপনের ঘোষণা দেন। এছাড়া বর্তমান সরকারের মেয়াদেই একটি মাইক্রোবাস দেওয়ার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং অনার্স-মাস্টার্স কোর্স চালুর বিষয়ে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতি আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “শিক্ষা কেবল সনদ অর্জনের মাধ্যম নয়; বরং যোগ্য, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার পথ। জীবনে সফলতার জন্য কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই।” এসময় তিনি তরুণদের মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকার জোর আহ্বান জানান।
তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
নবীনবরণ আয়োজনের ব্যয় প্রসঙ্গে এক দৃষ্টান্তমূলক ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী জানান, এ অনুষ্ঠানে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। কলেজের ওপর যেন কোনো আর্থিক চাপ সৃষ্টি না হয়, সেজন্য ওই অর্থ প্রতিষ্ঠানটিকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।
সবুজবাগ সরকারি কলেজের অধ্যক্ষ নূর আক্তারের সভাপতিত্বে আয়োজিত উক্ত নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
