ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মেট্রোরেলে বাড়ছে রাতের পরিষেবা, চালুর অপেক্ষায় আরও দুই ট্রেন

মেট্রোরেলে বাড়ছে রাতের পরিষেবা, চালুর অপেক্ষায় আরও দুই ট্রেন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গণপরিবহনে স্বস্তি ফেরানো মেট্রোরেলে রাতের যাত্রীচাপ সামলাতে চলতি মাসের শেষেই যুক্ত হচ্ছে আরও দুটি নতুন ট্রেন। এতে করে রাতের শেষ সময়গুলোতে ট্রেনের বিরতি বা ‘হেডওয়ে’ ২০ মিনিট থেকে কমে মাত্র ৭-৮ মিনিটে নেমে আসবে। এর পাশাপাশি আগামী সেপ্টেম্বর থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো চলাচলের সময়সীমা বাড়ানোরও চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেছে মেট্রোরেল পরিচালনকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে সর্বশেষ মেট্রো ট্রেনটি ছেড়ে যায় রাত ৯টা ৫০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরার অভিমুখে শেষ ট্রেন ছাড়ার সময় রাত ১০টা ৩০ মিনিট।

ডিএমটিসিএল সূত্র জানায়, গত ৭ জুন থেকে রাতের বেলা উভয় প্রান্তেই ২০ মিনিট করে সময় বাড়ানো হয়েছিল। এতে দৈনিক গড়ে আরও অন্তত ১০ হাজার নতুন যাত্রী যুক্ত হলেও শেষদিকের ট্রেনগুলোতে ২০ মিনিটের দীর্ঘ ব্যবধানের কারণে উপচে পড়া ভিড় তৈরি হচ্ছিল। এই ভোগান্তি দূর করতেই চলতি আগস্টের শেষ নাগাদ দুটি অতিরিক্ত ট্রেন যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে সেপ্টেম্বরের শুরু থেকেই মেট্রোরেল চলাচলের সার্বিক সময়সীমা আরও ২০ থেকে ৩০ মিনিট বাড়িয়ে রাত ১১টা করার যে লক্ষ্য ধরা হয়েছে, সেটির কাজও দ্রুত এগিয়ে চলছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্ধিত সময়ে ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় নতুন অপারেটর (চালক) নিয়োগপ্রক্রিয়া ইতিপূর্বে সম্পন্ন হয়েছে। বর্তমানে তাঁদের প্রশিক্ষণ চলছে, যা আগামী ২৬ আগস্ট শেষ হতে পারে। প্রশিক্ষণ শেষে তাঁদের নিয়মিত কাজে যুক্ত করা হলেই রাত ১১টা পর্যন্ত ট্রেনের পূর্ণাঙ্গ ট্রিপ চালু করা সম্ভব হবে।

বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করছেন। নতুন ট্রেন যুক্ত হওয়া এবং সময়সীমা বৃদ্ধিতে যাত্রীদের নৈশকালীন যাত্রা আরও সুগম ও আরামদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে