দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটানোর সামনে বাংলাদেশ। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাঠে আর টেস্ট খেলা হয়নি তাদের। বৃহস্পতিবার ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে সমাপ্তি ঘটবে এই দীর্ঘ অপেক্ষার।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। পরে ম্যাকাইয়ে আগামী ২২ আগস্ট শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই সিরিজে বেশ কিছু রেকর্ড ও মাইলফলকের সামনে দুই দলের ক্রিকেটাররা।
মুশফিকুর রহিম
প্রায় ২১ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০৩ টেস্টের ১৯০ ইনিংস ব্যাট করে ২৯ ফিফটি, ১৪ সেঞ্চুরিতে ৬ হাজার ৮০৬ রান করেছেন মুশফিকুর রহিম। সামনের সিরিজে ১৯৪ রান করতে পারলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মালিক হবেন অভিজ্ঞ তারকা।
স্টিভেন স্মিথ
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষে কোনো সেঞ্চুরি নেই স্টিভেন স্মিথের। ২০১৭ সালের সিরিজে দুই ম্যাচ খেলে মাত্র ২৯.৭৫ গড়ে ১১৯ রান করেছিলেন তিনি ।
এবারের সিরিজে তাই আক্ষেপ ঘোচানোর সুযোগ অভিজ্ঞ ব্যাটারের।
জশ হেজেলউড
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ২৯৫ উইকেট নিয়েছেন জশ হেজেলউড। দুই ম্যাচ মিলিয়ে মাত্র ৫ উইকেট নিতে পারলেই ইতিহাসের ৪২তম ও অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন অভিজ্ঞ পেসার।
মিচেল স্টার্ক
এখন পর্যন্ত ১০৫ টেস্টের ২০২ ইনিংসে বোলিং করে ৪৩১ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। সামনের এই সিরিজে আর ৯ উইকেট নিতে পারলে ডেল স্টেইন (৪৩৯) ও কপিল দেবকে (৪৩৪) টপকে যাবেন বাঁহাতি পেসার।
একইসঙ্গে টেস্ট ইতিহাসে পেসারদের মধ্যে উইকেটের তালিকায় পাঁচ নম্বরে উঠে যাবেন তিনি।
পরীক্ষার নাম ট্রাভিস হেড
বাংলাদেশের বোলারদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে চলেছেন ট্রাভিস হেড। ২০২৫ সাল থেকে ইনিংসের উদ্বোধন করে ৯১.৭ স্ট্রাইক রেটে রান করছেন বাঁহাতি এই ব্যাটার। একাধিক ইনিংসে ওপেনিং করা ব্যাটারদের মধ্যে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেট।
এছাড়া ওপেনিংয়ে নেমে প্রতি ১০০টি বল খেলে গড়ে ১২.৭টি বাউন্ডারি মেরেছেন হেড।
ব্যাটারদের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার পেস
গত দুই বছরে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার পেসারদের উইকেটপ্রতি গড় রান মাত্র ২০.৭৫! যা কিনা এই সময়ে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। তাদের কম গড় শুধু দক্ষিণ আফ্রিকার পেসারদের, উইকেটপ্রতি ২০.১৬ রান।
আর শুধু ডানহাতি ব্যাটারদের হিসেব করলেন অস্ট্রেলিয়ার পেসারদের গড় মাত্র ১৯.৫৫ রান। অন্য দিকে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে তাদের বোলিং গড় ২৪.০৮।
