নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। সোমবার (৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আব্দুর রহমান (৩০) ও মিজানুর রহমান।
মিরপুর মডেল থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ টিম মিরপুরের ৬০ ফিট রোডের ভাঙাব্রিজ সংলগ্ন একটি দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ফেনসিডিল জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মিরপুর মডেল থানা পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজধানীতে মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
