নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় ব্যাটারিচালিত রিকশায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ ব্যাটারি জব্দসহ একাধিক সংযোগ বিচ্ছিন্ন করেছে পুলিশ ও ডেসকো। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে মিরপুরের হাজী রোড, ঢাকা কমার্স কলেজ রোড, চিড়িয়াখানা রোড ও আল-কামাল হাউজিং এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। এতে সহায়তায় ছিল সংশ্লিষ্ট থানা পুলিশ ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ফোর্সের সদস্যরা।
অভিযানকালে ব্যাটারিচালিত রিকশা চার্জের কাজে ব্যবহৃত ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত করে সেগুলো সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন করা হয়। একই সাথে অবৈধ এসব সংযোগের মাধ্যমে চার্জ দেওয়া হচ্ছিল এমন ৭০টি রিকশার ব্যাটারি জব্দ করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জাতীয় সম্পদের অপচয় রোধ, বিদ্যুতের অবৈধ ব্যবহার প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের জোরালো অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
