রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটি এস কে টাওয়ারের (এস কে শপিং মল) ঠিক পেছনে অবস্থিত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, ভবনটিতে হঠাৎ আগুন লাগার সংবাদ পেয়েই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে, একই দিন সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনেও আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মাথায় (সকাল ১০টা ১৫ মিনিটে) ফায়ার সার্ভিসের প্রথম দলটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
