নবপ্রকাশ ডেস্ক
রাশিয়া ও চীনের সাথে চলমান উত্তেজনার পারদ এবার স্পর্শ করল মহাশূন্যকে। প্রথমবারের মতো প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করল মার্কিন যুক্তরাষ্ট্র।
গতকাল সোমবার মেরিল্যান্ডে আয়োজিত ‘এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস অ্যাসোসিয়েশন’-এর এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা ট্রয় মেইঙ্ক এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।
তিনি স্পষ্ট জানান, মহাকাশ থেকে যেকোনো নতুন হুমকি মোকাবিলায় মার্কিন স্পেস ফোর্স এখন সম্পূর্ণ প্রস্তুত। মার্কিন যৌথ বাহিনীকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে ইতিপূর্বে কক্ষপথে কার্যকর অস্ত্র মোতায়েন করা হয়েছে। এটিকে প্রতিপক্ষের ওপর এক ধরনের সামরিক মনস্তাত্ত্বিক প্রতিরোধ ব্যবস্থা হিসেবে দেখছে ওয়াশিংটন।
প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তির সাহায্যে প্রতিপক্ষের স্যাটেলাইট সরাসরি ধ্বংস বা বিকল করে দেওয়া সম্ভব। এই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে কি শুরু হতে যাচ্ছে বাস্তব পৃথিবীর ‘স্টার ওয়ার্স’ বা মহাকাশ যুদ্ধ? বৈশ্বিক রাজনীতিতে এখন সেটিই সবচেয়ে বড় প্রশ্ন।
