ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ভুল খাতা মূল্যায়ন: জবাবদিহির আওতায় পরীক্ষক

ভুল খাতা মূল্যায়ন: জবাবদিহির আওতায় পরীক্ষক

নবপ্রকাশ ডেস্ক:

এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে বড় ধরনের দুর্বলতা ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন, মূল্যায়নে ব্যর্থ সংশ্লিষ্ট পরীক্ষকদের চিহ্নিত করে প্রশিক্ষণ ও জবাবদিহির আওতায় আনা হবে।

গতকাল সোমবার সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পুনর্মূল্যায়নে যেসব উত্তরপত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে, সেগুলো আলাদা করা হয়েছে। একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে সংশ্লিষ্ট পরীক্ষকদের মূল্যায়নের দুর্বলতা যাচাই করা হবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে দায়িত্ব পালনে অবহেলা করা ও উত্তরপত্র মূল্যায়নে ব্যর্থ পরীক্ষকদের বিরুদ্ধে কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, তাও নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

ফেল থেকে পাস ৪৫৮৫ জন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন।

তবে ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য রেকর্ড ১২ লাখ ৮৬ হাজার আবেদন জমা পড়ে। এসব আবেদন পুনঃনিরীক্ষার পর দেখা যায়, ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে এবং নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯ জনের। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো—ফেল করা শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন করে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন এবং নতুন করে সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন।

পুনর্মূল্যায়নের এই চিত্রকে বিস্ময়কর উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর ফেল থেকে পাস করার বিষয়টি অত্যন্ত বড় ঘটনা। একইভাবে তিন হাজারের বেশি শিক্ষার্থীর নতুন করে জিপিএ ৫ পাওয়াও বিস্ময়কর।” এই ঘটনা আগের উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতির গলদকে স্পষ্টভাবে সামনে এনেছে মন্তব্য করে তিনি আরও যোগ করেন, “কোথায় কোথায় আরও দুর্বলতা রয়েছে, আমরা তা খতিয়ে বের করছি।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে