জেলা প্রতিনিধি,রাঙ্গামাটি: টানা কয়েক দিনের ভারী বর্ষণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাস এবং জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগব্যবস্থার অবনতির আশঙ্কা রয়েছে। জনসাধারণ ও পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
