ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ভারতে এক সপ্তাহে জ্বালানির দাম বাড়লো দু’বার

ভারতে এক সপ্তাহে জ্বালানির দাম বাড়লো দু’বার

নবপ্রকাশ ডেস্ক:
চলমান ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় ভারতে এক সপ্তাহের মধ্যে দুইবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার দেশটির তেল বিপণন কম্পানিগুলো প্রতি লিটারে প্রায় ৯০ পয়সা পর্যন্ত দাম বৃদ্ধি করেছে।
এর আগে গত ১৫ মে জ্বালানির দাম লিটারপ্রতি ৩ রুপি বাড়ানো হয়েছিল। সেই বৃদ্ধির পর দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭৭ রুপি থেকে বেড়ে ৯৭.৭৭ রুপি এবং ডিজেলের দাম ৮৭.৬৭ রুপি থেকে বেড়ে ৯০.৬৭ রুপিতে পৌঁছায়।

সর্বশেষ বৃদ্ধির ফলে দিল্লিতে পেট্রোলের দাম আরো ৮৭ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৬৪ রুপি প্রতি লিটার। একইভাবে ডিজেলের দাম ৯১ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯১.৫৮ রুপি প্রতি লিটার।

ভারতের বিভিন্ন শহরে নতুন জ্বালানি মূল্য
দিল্লির পাশাপাশি ভারতের অন্যান্য বড় শহরেও জ্বালানির দাম বেড়েছে। মুম্বাইয়ে পেট্রোলের দাম ৯১ পয়সা বেড়ে হয়েছে ১০৭.৫৯ রুপি এবং ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৪.০৮ রুপি।

কলকাতায় সবচেয়ে বেশি বেড়েছে পেট্রোলের দাম। সেখানে লিটারপ্রতি ৯৬ পয়সা বৃদ্ধি পেয়ে দাম হয়েছে ১০৯.৭০ রুপি।

ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে হয়েছে ৯৬.০৭ রুপি।

চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮২ পয়সা বেড়ে ১০৪.৪৯ রুপি এবং ডিজেলের দাম ৮৬ পয়সা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯৬.১১ রুপি প্রতি লিটারে।

ইরান যুদ্ধের প্রভাব
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অস্থিতিশীল হয়ে পড়ায় ভারতের মতো আমদানিনির্ভর দেশের ওপর সরাসরি প্রভাব পড়ছে।

ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের অধীন পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেলের ( পিপিএসি) ১৮ মে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যেখানে অপরিশোধিত তেলের গড় মূল্য ছিল ব্যারেলপ্রতি ৬৯.০১ ডলার, তা ১৫ মে পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১১০.৭৩ ডলারে।

অর্থাৎ তিন মাসের ব্যবধানে দাম বেড়েছে ৬০ শতাংশের বেশি।

ভারত তার মোট অপরিশোধিত তেলের চাহিদার ৮৫ শতাংশেরও বেশি আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করে। এ ছাড়া দেশটির প্রয়োজনীয় এলপিজির প্রায় ৬০ শতাংশও আমদানিনির্ভর।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরো বাড়তে থাকলে আগামী দিনগুলোতে পেট্রোল ও ডিজেলের দাম আবারও বাড়তে পারে, যা মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা তৈরি করছে।

সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে
জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ছোট ব্যবসায়ী, পরিবহন খাতের সঙ্গে জড়িত মানুষ এবং সাধারণ যাত্রীদের ওপর।

এদিকে, গত রবিবার দিল্লি-এনসিআর এলাকায় সিএনজির দামও প্রতি কেজিতে ১ রুপি বাড়ানো হয়েছে। এর আগে শুক্রবার সিএনজির দাম ২ রুপি বৃদ্ধি করা হয়েছিল।

সূত্র : এনডিটিভি

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে