নবপ্রকাশ ডেস্ক:
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। ১২০ নম্বর পর্বে ভিন্ন লুকের ‘ইংলিশ লেবু’ চরিত্রে হাজির হয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি।
গত ১৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ পর্বটি প্রকাশ পায়। গল্পে একদল গ্যাংস্টার কাবিলাকে খুঁজতে ব্যাচেলর ফ্ল্যাটে হাজির হলে ‘ইংলিশ লেবু’র এন্ট্রি ঘটে, যা ফ্ল্যাটের বাসিন্দাদের জীবনে নতুন মোড় আনে।
পর্বটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আ খ ম হাসানের অভিনয় নিয়ে বেশ আলোচনা চলছে। অনেক দর্শক লিখেছেন, তাঁর উপস্থিতিতে পর্বটি জমে উঠেছে এবং ‘ইংলিশ লেবু’ চরিত্রে তাঁকে বেশ মানিয়েছে।
দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করা আ খ ম হাসান আলোচিত এই সিরিজে যুক্ত হয়ে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন। তবে চরিত্রটি সামনে কতটা গুরুত্বপূর্ণ হবে কিংবা তাঁকে নিয়মিত দেখা যাবে কি না, তা এখনো জানা যায়নি।
নাটকটিতে নিয়মিত অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠুসহ অনেকে।
