ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিসিবির অর্থ নয়ছয়: ৭২ ঘণ্টার আলটিমেটামে রাজশাহী

বিসিবির অর্থ নয়ছয়: ৭২ ঘণ্টার আলটিমেটামে রাজশাহী

স্পোর্টস ডেস্ক:

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নতুন যুক্ত হওয়া ‘সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপ’-এ রাজশাহী বিভাগীয় দলের বিরুদ্ধে অনিয়ম ও অনুশীলনে গাফিলতির গুরুতর অভিযোগ উঠেছে। মূল একাদশে স্থান না পাওয়া ক্রিকেটারদের পারফর্ম করার সুযোগ দিতে বিসিবি থেকে জেলা দলগুলোকে জার্সি, হোটেল ও দলগত অনুশীলনের খরচ বাবদ ৪ লাখ টাকা বরাদ্দ দিলেও রাজশাহী দল কোনো দলগত অনুশীলনই করেনি। এই অনিয়ম ও ফান্ডের ব্যয়ের অসঙ্গতি নিয়ে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলকে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীকাল (বুধবার) থেকে ঢাকার ৫টি পৃথক ভেন্যুতে শুরু হচ্ছে সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসর। টুর্নামেন্টে অংশ নেওয়ার উদ্দেশ্যে খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা নিজ নিজ অঞ্চলে জোরদার প্রস্তুতি ক্যাম্প ও দলীয় অনুশীলন সম্পন্ন করে ঢাকায় পৌঁছেছে। ঢাকা সেকেন্ড ইলেভেন দল প্রস্তুতি নিয়েছে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিতে।

তবে ভিন্ন চিত্র রাজশাহী বিভাগে। রাজশাহী দল তাদের মূল স্কোয়াডের সঙ্গে কেবল প্রাথমিক ফিটনেস ক্যাম্প সম্পন্ন করার পর টুর্নামেন্ট কেন্দ্রিক আর কোনো দলগত ক্রিকেট অনুশীলন করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী দলের এক ক্রিকেটার ক্ষোভ প্রকাশ করে জানান, “আমরা বিসিবি নির্দেশিত কোনো দলীয় অনুশীলন করার সুযোগ পাইনি। টুর্নামেন্ট সামনে রেখে যে যার মতো ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব প্রস্তুতি নিয়েছি।”

এর আগে একটি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় দলের বাজেট নিয়ে গরমিল সামনে আসে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছিল—হোটেল খরচেই বরাদ্দকৃত টাকা শেষ হয়ে যাওয়ায় অনুশীলন করা সম্ভব হয়নি। তবে খেলোয়ারদের থাকা ও হোটেলের প্রকৃত খরচের তথ্যে বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে, যা বিসিবির দেওয়া ৪ লাখ টাকার স্বচ্ছ ব্যবহার নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

ঘটনাটি নজরে আসার পর বিসিবি থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাজশাহী বিভাগীয় ক্রিকেট টিমকে বিসিবির বরাদ্দ ও অনুশীলনের স্থবিরতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। চিঠি হাতে পাওয়ার পর ব্যাখ্যার জবাব দেওয়ার জন্য রাজশাহীকে ৭২ ঘণ্টা বা তিন কর্মদিবস সময় প্রদান করা হয়েছে।

বিসিবির ওই কর্মকর্তা স্পষ্ট করেন, “অনিয়মের বিষয়ে তাদের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে, যা কোনো শোকজ নয়। তবে জবাব পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীকে দেওয়া ৪ লাখ টাকার প্যাকেজে প্লেয়ারদের কিট, হোটেল এবং স্কোয়াডের অনুশীলন খরচ ধরা ছিল। বাকি সব বিভাগীয় দল সুন্দরভাবে ক্যাম্প পরিচালনা করলেও কেবল রাজশাহীই শেষ মুহূর্তের আনুষ্ঠানিক স্কিল ট্রেনিং ও অনুশীলন বাদ দিয়েছে।”

অভিযোগ ও বিসিবির ব্যাখ্যা তলবপত্রের বিষয়ে মন্তব্য জানতে রাজশাহী সেকেন্ড ইলেভেন দলের ম্যানেজার ফিরোজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে