ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » বিশ্বজুড়ে কেন এত তোলপাড় তুর্কি সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’ নিয়ে?

বিশ্বজুড়ে কেন এত তোলপাড় তুর্কি সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’ নিয়ে?

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন ধরে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে এখন তুর্কি বিনোদন জগতের একচ্ছত্র জয়জয়কার চলছে। আর এই বৈশ্বিক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর থেকেই আন্তর্জাতিক দর্শকদের মাঝে চরম আলোড়ন সৃষ্টি করেছে তুরস্কের নতুন সাইকোলজিক্যাল থ্রিলার ও ড্রামা ঘরানার ওয়েব সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’।

মের্ত বায়কাল পরিচালিত এই সিরিজটি মুক্তির প্রথম সপ্তাহেই নেটফ্লিক্সের গ্লোবাল নন-ইংলিশ সিরিজের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে। শুধু তাই নয়, মুক্তির প্রথম দুই সপ্তাহের মধ্যেই সিরিজটির মোট ভিউ ছাড়িয়ে গেছে ১ কোটি ৪৩ লাখ।

চমকপ্রদ চিত্রনাট্য ও টানটান রহস্য

সিরিজটির সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে এর নিখুঁত চিত্রনাট্য। গল্প পরিচিত মনে হলেও নির্মাতা পর্দায় যেভাবে রোমাঞ্চ ও রহস্যের জাল বুনেছেন, তাতে দর্শকরা প্রতিটি পর্বের শেষ না হওয়া পর্যন্ত পর্দায় চোখ আটকে রাখতে বাধ্য হচ্ছেন। সুখী দাম্পত্যে হঠাৎ বিশ্বাসের সংকট এবং রহস্যময় চরিত্র ‘নাজলি’র কর্মকাণ্ড দর্শকদের মনে তীব্র কৌতূহল জাগিয়েছে। নাজলি যত বেশি গৃহকর্তার পরিবারের আস্থাভাজন হয়ে ওঠেন, তার অতীত নিয়ে রহস্য ততই ঘনীভূত হতে থাকে।

গল্পের মূল প্রেক্ষাপট ও কুশীলব

‘নট আ স্ট্রেঞ্জার’-এর কেন্দ্রীয় চরিত্র ফুন্দা (রূপদান করেছেন জনপ্রিয় তারকা এলচিন সাঙ্গু), যিনি পেশায় একজন চিত্রশিল্পী। মা হওয়ার পর সংসার ও সন্তানের দেখভালের চাপে নিজের শিল্পীসত্তা থেকে অনেকটা দূরে সরে যেতে বাধ্য হন তিনি। পুরোনো জীবনে ফিরে যাওয়ার তীব্র আকুতি থেকেই মেয়ের দেখাশোনার জন্য নাজলি (মেলিস সেজেন) নামের এক তরুণীকে আয়া হিসেবে নিয়োগ দেন ফুন্দা।

ধীরে ধীরে নাজলির ওপর নির্ভরশীল হয়ে পড়েন ফুন্দা। কিন্তু নাটকে মোড় নেয় যখন ফুন্দার স্বামী ইলকার (ওজান দোলুনাই) বাড়ি ফিরে আসেন এবং গৃহকর্মী নাজলিকে দেখে চিনতে পারেন। অতীতে ইলকার ও নাজলির মধ্যে এক গোপন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল! স্বামীর গোপন অতীত এবং নিজের সাজানো সংসার ও পরিচয় নিয়ে নতুন করে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে পড়েন ফুন্দা। প্রশ্ন জাগে—নাজলি কি স্রেফ পেশাগত কারণে এই বাড়িতে চাকরি করতে এসেছেন, নাকি তাঁর নেপথ্যে অন্য কোনো সুদূর প্রসারী ও বিপজ্জনক উদ্দেশ্য রয়েছে?

সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া ও সাফল্য

সিরিজটি প্রথম পর্ব প্রচারের পর থেকেই ফুন্দার মানসিক চাপ, শিল্পীসত্তার আকৃতি এবং দুই নারীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের ফুটিয়ে তোলার মুন্সিয়ানার জন্য ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘সাবাহ’-এর পর্যালোচনায় চিত্রনাট্যের কিছু জায়গায় পুনরাবৃত্তি ও গল্পের কিছু অস্পষ্টতার দিকটিও তুলে ধরা হয়েছে। তা সত্ত্বেও সব জল্পনা পেরিয়ে বিশ্বজুড়ে ওটিটি দর্শকদের মাঝে রাজত্ব করে চলেছে ‘নট আ স্ট্রেঞ্জার’।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে