ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » বিদায় রদ্রিগেজ: কলম্বিয়ার জার্সিতে থামল ‘১০ নম্বর’ জাদুকর!

বিদায় রদ্রিগেজ: কলম্বিয়ার জার্সিতে থামল ‘১০ নম্বর’ জাদুকর!

কলম্বিয়ার জার্সিতে ১৫ বছরের পথচলার ইতি টানলেন হামেস রদ্রিগেজ। আবেগঘন এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে হামেস বলেন, ‘অনেক বছর, অনেক ম্যাচ, আনন্দের অনেক মুহূর্ত এবং কঠিন সময় পেরিয়ে আমার মনে হচ্ছে জীবনের একটি অধ্যায় শেষ করার সময় এসেছে—কলম্বিয়া জাতীয় দলের সঙ্গে আমার পথচলা। এই জার্সি পরা ছিল স্বপ্ন, একই সঙ্গে ছিল বিশাল দায়িত্ব।’

কলম্বিয়ার হয়ে হামেসের শেষ ম্যাচ ছিল ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ে ম্যাচ গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া।

২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কলম্বিয়ার হয়ে অভিষেক হয় হামেসের। অভিষেকেই জয়সূচক গোল করে নিজের আগমনের জানান দিয়েছিলেন। তবে ২০১৪ বিশ্বকাপেই বিশ্বমঞ্চে হামেসের আসল উত্থান।

ব্রাজিল বিশ্বকাপে পাঁচ ম্যাচে ছয় গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন হামেস। জেতেন গোল্ডেন বুট। উরুগুয়ের বিপক্ষে শেষ ষোলোতে তার অসাধারণ ভলি গোলটি হয়ে ওঠে বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত। পরে সেই গোলের জন্য ফিফা পুসকাস অ্যাওয়ার্ডও পান তিনি।

সেই বিশ্বকাপে কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হেরে বিদায় নিলেও হামেসের পারফরম্যান্স তার ক্যারিয়ার বদলে দেয়। মোনাকো থেকে বড় অঙ্কের ট্রান্সফারে তাকে দলে নেয় রিয়াল মাদ্রিদ। এরপর বায়ার্ন মিউনিখ ও এভারটনের হয়ে খেলেছেন তিনি। পরে অলিম্পিয়াকোস, সাও পাওলো, রায়ো ভায়েকানো, ক্লাব লিওন ও মিনেসোটা ইউনাইটেডেও খেলেন এই মিডফিল্ডার।

দেশের হয়ে ১৩১ ম্যাচ খেলে ৩১ গোল ও ৪৩টি অ্যাসিস্ট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন হামেস। কলম্বিয়ার হয়ে ২০১৪, ২০১৮ ও ২০২৬ বিশ্বকাপে খেলেছেন হামেস।

২০২২ সালের কাতার বিশ্বকাপে অবশ্য কলম্বিয়া জায়গা করে নিতে পারেনি। ফলে টানা চারটি বিশ্বকাপে খেলার সুযোগ হারান হামেস। বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে সবচেয়ে বেশি ১৩ ম্যাচ খেলার রেকর্ডও তার। জাতীয় দলের অধিনায়কত্বও করেছেন হামেস।

কলম্বিয়ার ১০ নম্বর জার্সিকে নিজের পরিচয়ের সঙ্গে মিশিয়ে দেওয়া হামেস বলেন, ‘১০ নম্বর জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড পরার সম্মান পেয়েছি। কলম্বিয়া কী প্রতিনিধিত্ব করে, সেই উপলব্ধি থেকে আমি সবসময় সম্মান ও দায়িত্বের সঙ্গে তা করার চেষ্টা করেছি। ভালো দিন ছিল, কঠিন দিনও ছিল; কিন্তু এই রংগুলোর জন্য গর্ব করা কখনো বন্ধ করিনি।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে