ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিএনপি ছাড়ার ক্ষোভ থেকে মেজর আখতারকে গ্রেফতার করেছে সরকার: পরোয়ার

বিএনপি ছাড়ার ক্ষোভ থেকে মেজর আখতারকে গ্রেফতার করেছে সরকার: পরোয়ার

নবপ্রকাশ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান করার ক্ষোভে সরকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে।
তিনি বলেন, একজন সিনিয়র সিটিজেন, একজন বীর মুক্তিযোদ্ধা, তিনবারের সাবেক সংসদ সদস্য হিসেবে মেজর (অব.) আখতারুজ্জামান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে কথা বলতে পারেন। প্রয়োজনে অপদার্থ, ব্যর্থ, অদক্ষ কর্মকর্তাদের শাসাতেও পারেন। কিন্তু সরকার বিমানবন্দরের ওই ঘটনাকে ইস্যু করে মেজর (অব.) আখতারুজ্জামনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে মূলত রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষোভ প্রকাশ করেছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।
এসময় তিনি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং রিমান্ডের আদেশ বাতিল করে মেজর (অব.) আখতারুজ্জামানকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যায়ের প্রতিবাদ করে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান আবারও বীরত্বের সাহসিকতা দেখিয়েছেন।
প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে মিয়া গোলাম পরওয়ার বলেন, আপনার বাবা-মা জামায়াত-শিবিরকে নিয়ে যেসব কথা বলেননি; আপনি সেসব কথা বলে নিজেকে কী বাবা-মায়ের চেয়ে বেশি বিচক্ষণ মনে করেন? জামায়াত-শিবিরকে গুপ্ত বলার আগে নিজের এবং নিজেদের চেহারা আয়না দেখতে আহ্বান জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচিতে বিএনপির নেতারা লুকিয়ে থাকলেও জামায়াত-শিবির রাজপথে জীবন দিয়েছিল। রাজপথের কর্মসূচিতে বিএনপি নেতাদের পাওয়া যেতো না। অনেকে মোবাইল পর্যন্ত বন্ধ রাখতো। কিন্তু ক্ষমতা গ্রহণের পর সরকার প্রধানসহ তার মন্ত্রীদের কেউ কেউ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে গুপ্ত বলছে, স্বাধীনতা বিরোধী বলছে।
তিনি বলেন, যাদের সঙ্গে আপনার মা (বেগম খালেদা জিয়া) জোট করেছিল, যাদের সমর্থনে আপনার মা সরকার গঠন করেছিল তাদেরকে গুপ্ত আর স্বাধীনতা বিরোধী বলে প্রধানমন্ত্রী নিজেই তার মায়ের বিরুদ্ধে কথা বলছেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, পাকিস্তানের পক্ষে ভূমিকা রাখা শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী হয়েছিল, আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি হয়েছিল, বর্তমান রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীরের আব্বা মির্জা রুহুল আমিন রাজাকার ছিলেন। তাদের আপনারাই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রী বানিয়েছেন। জামায়াতকে স্বাধীনতাবিরোধী আর গুপ্ত বলার আগে বিএনপিকে আয়নায় নিজের চেহারা দেখতে তিনি আহ্বান জানান। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের নয় বরং সরকারের তলে-তলে যোগাযোগ ও সখ্যতা রয়েছে বলেই আওয়ামী লীগ রাজপথে মিছিলের সুযোগ পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পলাতক ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের জন্য সরকার এগিয়ে আসলে বিরোধীদল সহযোগিতা করবে।
সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে শুরু হয়ে পল্টন মোড়-প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে