ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বিএনপির প্রথম আলোচিত রাষ্ট্রপতি নির্বাচনেই ‘প্রহসনের সংস্কৃতি’ ফিরছে: নাঈম আহমাদ

বিএনপির প্রথম আলোচিত রাষ্ট্রপতি নির্বাচনেই ‘প্রহসনের সংস্কৃতি’ ফিরছে: নাঈম আহমাদ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কঠোর সমালোচনা করে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ বলেছেন, আওয়ামী লীগ আমলে যেমন নির্বাচনের ফলাফল আগের রাতেই অনুমান করা যেত, তেমনি বিএনপি আমলের প্রথম আলোচিত রাষ্ট্রপতি নির্বাচনের ফলও এখন এক সপ্তাহ আগেই অনুমান করা যাচ্ছে। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণভোটের জনরায় এবং সংবিধানের সুবিধাজনক ব্যাখ্যার মধ্য দিয়ে বিএনপি তাদের প্রথম আলোচিত নির্বাচনেই প্রহসনের নির্বাচনী সংস্কৃতি ফিরিয়ে আনতে যাচ্ছে।

মঙ্গলবার জেডিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর সংযুক্ত) প্রকৌশলী মাহতাব হোসেন (সাব্বির) স্বাক্ষরিত এক বিবৃতিতে নাঈম আহমাদ এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার ৬ নম্বর দফায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে বিবেচনার কথা বলা হয়েছিল। সেই প্রতিশ্রুতির আলোকে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে নিজেদের বিবেচনায় যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করা যেত।

নাঈম আহমাদের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের লক্ষ্যে গঠিত সংবিধান সংস্কার কমিশনও ৭০ অনুচ্ছেদ সংস্কারের সুস্পষ্ট প্রস্তাব দিয়েছিল। পরবর্তীতে জুলাই জাতীয় সনদেও প্রস্তাব করা হয় যে, সংসদ সদস্যরা কেবল অর্থবিল ও আস্থাভোটের ক্ষেত্রে দলীয় অবস্থানের প্রতি অনুগত থাকবেন; অন্য সব বিষয়ে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। তার দাবি, এ প্রস্তাব গণভোটে বিপুল জনসমর্থন পেলেও সরকার তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি।

তিনি আরও বলেন, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হলেও রাষ্ট্রপতি নির্বাচন সংসদের অধিবেশন বা সংসদীয় সিদ্ধান্ত গ্রহণের অংশ নয়। এটি নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত একটি স্বতন্ত্র নির্বাচন। তাই রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটদানের ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ প্রয়োগের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সংবিধানের ৭২ ও ৭৫(১)(খ) অনুচ্ছেদে সংসদের অধিবেশন ও কার্যপ্রণালীর যে কাঠামো নির্ধারণ করা হয়েছে, তার আলোকে রাষ্ট্রপতি নির্বাচনকে সংসদীয় কার্যক্রম হিসেবে দেখার সুযোগ নেই। ফলে বিদ্যমান আইন ও সাংবিধানিক কাঠামোর মধ্যেই সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা সম্ভব বলে তিনি মনে করেন।

জেডিপি আহ্বায়ক বলেন, সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করা হলেও বিএনপির মনোনীত প্রার্থী পরাজিত হবেন—এমন কোনো নিশ্চয়তা নেই। বরং এতে রাষ্ট্রপতি নির্বাচন আরও প্রতিযোগিতামূলক, অর্থবহ ও গ্রহণযোগ্য হবে এবং সবচেয়ে যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সংস্কৃতি গড়ে উঠবে।

তিনি বলেন, “আওয়ামী লীগ আমলের মতো নির্বাচনের ফল আগে থেকেই নির্ধারিত—এমন রাজনৈতিক সংস্কৃতি থেকে জনগণ মুক্তি চায়। জুলাই গণঅভ্যুত্থান ও গণভোটের মাধ্যমে জনগণ যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, তার সঙ্গে সাংঘর্ষিক কোনো নির্বাচনী প্রক্রিয়া গ্রহণ করা উচিত নয়।”

বিবৃতির শেষে রাষ্ট্রপতি নির্বাচনের আগেই সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান নাঈম আহমাদ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে