নতুন মৌসুমের প্রস্তুতিতে মাঠে নামার শুরুতেই ধাক্কা খেল স্প্যানিশ লা লিগার জায়ান্ট বার্সেলোনা। স্থগিত করা হয়েছে কাতালানদের পরবর্তী প্রীতি ম্যাচ।
গত শুক্রবার প্রাক-মৌসুম ক্যাম্পের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। ইংল্যান্ড সফরে গিয়ে সেই ম্যাচে ইংলিশ ক্লাব বার্মিংহাম সিটির কাছে পেনাল্টি শুটআউটে হেরে বসে ব্লাউগ্রানারা।
সূচি অনুযায়ী সোমবার পরবর্তী প্রীতি ম্যাচে মাঠে নামার কথা ছিল বার্সেলোনার। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল চ্যাম্পিয়নশিপের ক্লাব প্রেস্টন নর্থ অ্যান্ড। তবে ম্যাচের ঠিক মুখেই ফ্লিক ও তার দলকে জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি আর অনুষ্ঠিত হচ্ছে না। প্রথম ম্যাচে হারের পর আবারও খারাপ সংবাদের সাক্ষী হতে হলো বার্সাকে।স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী— প্রতিপক্ষ দলের একাধিক খেলোয়াড় ইনজুরি ও অনিয়মিত থাকায় তারা অনূর্ধ্ব-২১ দলের একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে দল গঠন করেছিল। আর সে কারণেই শেষ পর্যন্ত প্রীতি ম্যাচটি বাতিল করা হয়।
