ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বার্সেলোনায় রদ্রির চুক্তিতে কপাল পুড়ল কার

বার্সেলোনায় রদ্রির চুক্তিতে কপাল পুড়ল কার

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ম্যানচেস্টার সিটি থেকে মিডফিল্ডার রদ্রিকে উড়িয়ে আনছে বার্সেলোনা। তাঁকে দলে ভেড়ানোর জন্য প্রায় ৭ কোটি ৬৫ লাখ ইউরো ট্রান্সফার ফিতে নীতিগতভাবে একমত হয়েছে কাতালান জায়ান্টরা। এই চুক্তির মাশুল গুনতে হলো বার্সেলোনার তরুণ খেলোয়াড় টনি ফের্নান্দেসকে।

নতুন মৌসুমের আগে স্কোয়াড পুনর্গঠনের অংশ হিসেবে টনি ফের্নান্দেসের ভবিষ্যৎ চূড়ান্ত করেছে বার্সেলোনা। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য পর্তুগালের ক্লাব স্পোর্টিং ব্রাগার সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছে কাতালান ক্লাবটি।

‘দ্য অ্যাথলেটিক’-এর তথ্য অনুযায়ী, ১০ মিলিয়ন ইউরো এবং কিছু অতিরিক্ত শর্তের (অ্যাড-অন) বিনিময়ে ব্রাগার কাছে ফের্নান্দেসকে বিক্রি করতে রাজি হয়েছে বার্সেলোনা। এই দলবদলের মাধ্যমে ক্লাবটিতে ফের্নান্দেসের অধ্যায়ের ইতি ঘটল, যার শুরুটা দারুণ হলেও পরবর্তীতে মূল দলে তাঁর সুযোগ পাওয়া সীমিত হয়ে পড়েছিল।

গত মৌসুমের শুরুতে রিজার্ভ দলে ছিলেন ফের্নান্দেস। পরবর্তীতে হান্সি ফ্লিকের অধীনে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেলেও জার্মান কোচের পরিকল্পনায় স্থায়ীভাবে জায়গা পাকা করতে পারেননি তিনি, বিশেষ করে প্রাক-মৌসুমে তাঁর সুযোগ আরও কমে যায়।

নতুন মৌসুমের প্রস্তুতি পর্বে ফের্নান্দেস মাত্র ২৮ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন। যার পুরোটাই ছিল উদিনিস ট্রাইব্যুলার টুর্নামেন্টে উদিনিসের বিপক্ষে ম্যাচে। যে ম্যাচটিতে ১-০ গোলে হেরেছিল স্প্যানিশ জায়ান্টরা। মৌসুমের অফিসিয়াল খেলা শুরু হওয়ার আগেই ১৯ বছর বয়সি উইঙ্গারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে মায়োর্কার বিপক্ষে ক্যাম্প ন্যুতে ৩-০ গোলের জয়ের ম্যাচে মাত্র ৬ মিনিট খেলে বার্সেলোনার মূল দলে অভিষেক হয়েছিল ফের্নান্দেসের।

সে মৌসুমের শেষ দিকে তিনি আরও একটি ম্যাচ খেলার সুযোগ পান। লা লিগার ৩৬তম রাউন্ডে আলাভেসের বিপক্ষে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে ৩ মিনিট খেলেছিলেন তিনি, যদিও ততক্ষণে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় ওই ম্যাচটি হেরেছিল বার্সেলোনা।

ব্রাগায় গেলে ফের্নান্দেস পরিচিত স্প্যানিশ পরিবেশই পাবেন। পর্তুগিজ ক্লাবটি পরিচালনা করছেন স্প্যানিশ কোচ কার্লোস ভিসেন্স এবং দলটিতে ৫ জন স্প্যানিশ ফুটবলার রয়েছেন- ভিক্টর গোমেস, সের্হি বার্সা, গাব্রি, ফ্রান নাভারো এবং বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড পাউ ভিক্টর।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে