ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বাড্ডায় গ্যারেজে হত্যা করা হয় জজ মিয়াকে, ফেলা হয় জিরানী খালে

বাড্ডায় গ্যারেজে হত্যা করা হয় জজ মিয়াকে, ফেলা হয় জিরানী খালে

নবপ্রকাশ ডেস্ক:

রাজধানীর খিলগাঁওয়ে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় জজ মিয়া (৪৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় মো. আব্দুল্লাহ (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। খিলগাঁও থানা-পুলিশ বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, জজ মিয়াকে বাড্ডার এক গ্যারেজে হত্যা করা হয়। পরবর্তীতে আলামত গোপন করার উদ্দেশ্যে তার মরদেহ জিরানী খালের পানিতে ফেলে দেওয়া হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

খিলগাঁও থানার বরাতে উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন জানান, গত বুধবার সকালে খিলগাঁও থানার ত্রিমোহনী ব্রিজের নিচে জিরানী খালের পানিতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে খিলগাঁও থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্টসহ বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম মো. জজ মিয়া।

পুলিশের তথ্যমতে, গত ৮ সেপ্টেম্বর মেরুল বাড্ডা এলাকার একটি গ্যারেজে জজ মিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর মরদেহ গোপন করতে তা বাড্ডা থেকে নিয়ে খিলগাঁওয়ের জিরানী খালে ফেলে দেওয়া হয়।

এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্তের ধারাবাহিকতায় ও উন্নত প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আব্দুল্লাহকে গ্রেফতার করে খিলগাঁও থানা-পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিসি আকতার হোসেন। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে