বাগেরহাটের কচুয়ায় একটি বসতঘর থেকে একই পরিবারের তিন জনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মরদেহগুলো উদ্ধারের পর পুরো এলাকায় গভীর শোক ও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন—আহাত হাওলাদার (২২), তাঁর মা মনিরা বেগম (৫৫) এবং নানি রাশিদা বেগম (৮৫)। আহাত ওই এলাকার আব্দার হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনভর ওই বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশী বুলু বেগমের সন্দেহ হয়। একপর্যায়ে তিনি ঘরের ভেতরে উঁকি দিয়ে গলিত মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেন।
মাথায় আঘাতের চিহ্ন, ২-৩ দিন আগে নৃশংস হত্যাকাণ্ড বলে পুলিশের প্রাথমিক ধারণা
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ জানান, “উদ্ধার হওয়া মরদেহগুলোর মাথায় স্পষ্ট আঘাতের চিহ্ন দেখা গেছে। আলামত ও লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। আমাদের ধারণা, অন্তত দুই থেকে তিন দিন আগে এই নৃশংস ঘটনা ঘটে থাকতে পারে।”
ওই বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় এবং ঘরটি বন্ধ থাকায় এতদিন বিষয়টি কারও নজরে আসেনি বলে জানায় পুলিশ।
ওসি আরও বলেন, “মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটনে ও দায়ীদের শনাক্ত করতে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে নেমে তদন্ত শুরু করেছে।”
