বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর লিচুতলা-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান (২২) সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি সৈয়দ আহম্মদ কলেজের ছাত্র ছিলেন। অপর নিহত মুজাহিদুল ইসলাম সামিউল (৩০) গাবতলী উপজেলার সর্ধনকুটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি ব্যবসা করতেন।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় সড়কের ওপর দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকের ধাক্কায় তারা নিহত হয়েছেন।
