ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ফ্যাসিবাদের সহযোগীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদের সহযোগীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

পুলিশ বাহিনীর কিছু সদস্য এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন বলে তথ্য রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়েছেন, দায়িত্ব পালনে অবহেলা কিংবা ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের সহায়তা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো পুলিশ সদস্য শৃঙ্খলা ভঙ্গ, অপেশাদার আচরণ কিংবা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হলে শুধু বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থাই নয়, বরং দেশের প্রচলিত ফৌজদারি আইনেও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে সাহসিকতা, সততা, নিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং জনসেবায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯২ জন কৃতী পুলিশ সদস্যের হাতে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘বিপিএম-সেবা’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং ‘পিপিএম-সেবা’ আনুষ্ঠানিকভাবে তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম।

আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না

একই দিনে ধোলাইখাল-সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, বিগত ১৭ বছরে যারা গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে, সেই আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর কোনো দিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যায় জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে এবং প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাম্প্রতিক কার্যক্রম ও দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ও দণ্ডপ্রাপ্ত একজন আসামি। বাংলাদেশ-ভারত বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে আনুষ্ঠানিকভাবে দেশে ফেরত পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে