ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ফেনীতে ১৫৪২ কোটি টাকার নতুন উন্নয়ন প্রকল্প

ফেনীতে ১৫৪২ কোটি টাকার নতুন উন্নয়ন প্রকল্প

নবপ্রকাশ ডেস্ক:

আগামী ১ অক্টোবর (বুধবার) ফেনীর পরশুরাম উপজেলায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্পের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পূর্বে এই সফরটি ১৭ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও পরবর্তীতে তা পুনর্বিন্যাস করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়। গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত এই প্রকল্পের আওতায় নদী ও জলাধার পুনঃখনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কারের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পরশুরামের খেয়াঘাট, মুহুরী নদীর তীরবর্তী এলাকা ও প্রস্তাবিত জনসভাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে প্রকল্পটির ফলক উন্মোচন করবেন এবং পরবর্তীতে সেখানে এক বিশাল জনসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি ফুলগাজীতে গিয়ে খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন। সফরকালে প্রধানমন্ত্রী পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার সরকারি দপ্তরগুলোতে বাস্তবায়িত মোট ৯৬২.৫ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেলের শুভ উদ্বোধন করবেন।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তিনটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে প্রধানমন্ত্রী স্থানীয় অসচ্ছল পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষদের সহায়তা প্রদান করবেন। একই সাথে সুশীল সমাজের প্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফেনীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার জানান, সমগ্র এলাকাকে রেড, ইয়েলো ও হোয়াইট—এই তিন স্তরের নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। এসএসএফ-এর পাশাপাশি পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি ও কোস্ট গার্ড সদস্যসহ দুই হাজারের বেশি পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

এদিকে সফরের প্রস্তুতি হিসেবে পরশুরাম ও ফুলগাজীতে মঞ্চ নির্মাণ, হেলিপ্যাড প্রস্তুত, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার নিশ্চিতকরণ এবং সড়ক যোগাযোগ সচল রাখতে ফেনী-পরশুরাম সড়ক সংস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই সফরের মাধ্যমে নদীভাঙন রোধ, কর্মসংস্থান এবং পরশুরাম-ফুলগাজীর সার্বিক অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে