ঢাকা
ঢাকা, সোমবার, ০৮ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৮ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৫—আহত ১৩৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৫—আহত ১৩৪

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ভয়াবহ এই কম্পনে অন্তত ১৩৪ জন আহত হয়েছেন। ফিলিপাইনের সিভিল ডিফেন্সের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১২ জন সোক্সকারগেন অঞ্চলে এবং তিনজন দাভাও অক্সিডেন্টাল প্রদেশে মারা গেছেন।

স্থানীয় সিভিল ডিফেন্স অফিসের পরিচালক রদ্রিগো সোসমেনা জানান, সোকসারজেন অঞ্চলটি চারটি প্রদেশ ও একটি শহর নিয়ে গঠিত—সাউথ কোটাবাটো, সুলতান কুদারাত, সারাঙ্গানি এবং জেনারেল সান্তোস সিটি। তিনি আরও জানান, ওই অঞ্চলে অন্তত ১৩৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট ড্যাগন বার্তা সংস্থা এএফপি–কে জানান, অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও পাওয়া যায়নি।

এদিকে সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পের তীব্রতায় বেশ কিছু বহুতল ভবন ধসে পড়েছে। রাস্তাঘাটে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা জেনারেল সান্তোস সিটি থেকে।

সরকারি বার্তা সংস্থা ফিলিপাইন ইনফরমেশন এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শহরের বড় বড় ভবন ও বিপণিবিতান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ফিলিপাইনের অত্যন্ত জনপ্রিয় ফাস্ট ফুড চেইন জলিবির অন্তত দুটি শাখা হুড়মুড় করে ভেঙে সড়কের ওপর ধসে পড়ছে। আতঙ্কিত মানুষকে এ সময় দিগ্বিদিক ছুটোছুটি করতে দেখা যায়।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি জেনারেল সান্তোস সিটি এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, একটি জনপ্রিয় ফাস্টফুড রেস্তোরাঁর উপরের তলা ধসে পড়েছে। এছাড়া একটি বাণিজ্যিক কমপ্লেক্সের বাইরের কংক্রিটের দেয়াল ভেঙে পড়ার ঘটনাও দেখা গেছে।

এদিকে, ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস জনগণকে ক্ষতিগ্রস্ত ভবন ও ঝুঁকিপূর্ণ অবকাঠামোতে প্রবেশ না করার নির্দেশনা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শক্তিশালী আফটারশকের আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে জরুরি তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে এখনও অনেক এলাকায় অনুসন্ধান কার্যক্রম চলায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে