ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার চিহ্নিত মাদককারবারি মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহুকে (২৩) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের (সামারি ট্রায়াল) মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
একইসঙ্গে বৃষ্টিকে এক হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে ফরিদপুর শহরের ২ নম্বর কুঠিবাড়ী গুহলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ফরিদপুর জেলা কার্যালয়ের একটি দল রোববার বিকেল ওই এলাকায় অভিযান চালিয়ে বৃষ্টিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তল্লাশি করে মেথামফেটামিনযুক্ত পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর বৃষ্টিকে সামারি ট্রায়ালের মাধ্যমে ফরিদপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।
