প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম সপ্তাহেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন চেলসির ব্রাজিলিয়ান স্ট্রাইকার জাও পেদ্রো। সোমবার (২৪ আগস্ট) রাতে ক্র্যাভেন কটেজে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নেমে প্রথম মিনিটে গোল করে এক ঐতিহাসিক মুহূর্তের জন্ম দেন তিনি।
ম্যাচ শুরুর মাত্র ৩১ সেকেন্ডের মাথায় তিনি এই গোল করেন। চেলসি তারকা কোল পালমারের বাড়ানো থ্রু বল দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন পেদ্রো। এরপর গোলরক্ষকের ওপর দিয়ে চিপ করে বল ফুলহ্যামের জালে জড়িয়ে দেন এই ব্রাজিলিয়ান।
পরিসংখ্যান বিষয়ক বিখ্যাত প্রতিষ্ঠান ‘অপটা’ নিশ্চিত করেছে যে, বলটি ঠিক ৩১তম সেকেন্ডেই জালে প্রবেশ করে। এর মাধ্যমে প্রিমিয়ার লিগের ইতিহাসে মৌসুমের প্রথম রাউন্ডের সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন এই চেলসি ফরোয়ার্ড।
ইতিহাসের প্রথম ম্যাচেই এমন দ্রুততম গোল করে রেকর্ড বুকের একদম শীর্ষ স্থানে সরাসরি নিজের নাম তুলে নিলেন জাও পেদ্রো।
জাও পেদ্রোর ৩১ সেকেন্ডের গোলের আগে প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে দ্রুততম গোলের রেকর্ডটি ছিল আর্সেনালের সাবেক ফরাসি স্ট্রাইকার আলেকজান্দ্রে লাকাজেতের দখলে। ২০১৭-১৮ মৌসুমের উদ্বোধনী ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে খেলা শুরুর ৯৪ সেকেন্ডের (১ মিনিট ৩৪ সেকেন্ড) মাথায় গোল করে এই রেকর্ড গড়েছিলেন লাকাজেত।
