ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » প্রধান শিক্ষকের ওপর নৃশংস হামলা: পাওনা টাকা চাওয়ায় রক্তাক্ত শিক্ষক

প্রধান শিক্ষকের ওপর নৃশংস হামলা: পাওনা টাকা চাওয়ায় রক্তাক্ত শিক্ষক

নবপ্রকাশ ডেস্ক:

দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের বিচ্ছিন্ন ও অনভিপ্রেত দুটি ঘটনা ঘটেছে। এর মধ্যে পিরোজপুরের জিয়ানগরে (ইন্দুরকানী) পাওনা টাকা চাওয়ায় ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম শিকদারকে স্টিলের টর্চলাইট দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার এবং তাঁর তিনটি দাঁত ভেঙে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মনির হোসেন মৃধা নামের এক যুবকের বিরুদ্ধে। অন্যদিকে, ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যালয়ের এক পরিচ্ছন্নতাকর্মীর হাতে লাঞ্ছিত হয়েছেন নাগেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাতে পিরোজপুর ও ঝিনাইদহে পৃথক এই দুটি ঘটনা ঘটে।

পিরোজপুরের জিয়ানগরে টাকা চাওয়ায় হামলা

আহত প্রধান শিক্ষক ইব্রাহিম শিকদার বর্তমানে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, ব্যবসা করার নাম করে তাঁর কাছ থেকে দেড় লাখ টাকা ধার নিয়েছিলেন সাউদখালী গ্রামের বাসিন্দা মনির হোসেন মৃধা। দীর্ঘদিন ধরে টাকা পরিশোধ না করে টালবাহানা করায় গত বৃহস্পতিবার রাতে পাওনা টাকা ফেরত চান তিনি।

এরপর অভিযুক্ত মনির তাঁকে নিজের বাড়ির সামনে ডেকে নিয়ে গিয়ে হাতে থাকা ভারী স্টিলের টর্চলাইট দিয়ে মুখ ও মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে তাঁর মুখের তিনটি দাঁত ভেঙে যায় এবং গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেলে পাঠান।

তবে অভিযুক্ত মনির হোসেন মৃধা টাকা ধার নেওয়ার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, প্রধান শিক্ষকের সাথে তাঁর কোনো আর্থিক লেনদেন নেই। উল্টো তিনি স্থানীয় রাজনীতির জেরে তাঁর ওপর চড়াও হয়েছিলেন বলে দাবি করেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন জানান, ঘটনার বিষয়ে উভয় পক্ষকে ডেকে স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, শিক্ষকের ওপর হামলার খবর পাওয়া গেছে; তবে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহের শৈলকুপায় প্রধান শিক্ষক লাঞ্ছিত

এদিকে ঝিনাইদহের শৈলকুপার নাগেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত না হওয়া এবং কর্মস্থলে অনুপস্থিতির কারণ জানতে চাওয়ায় চতুর্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মী ফরিদুল ইসলামের হাতে লাঞ্ছিত হয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের কার্যক্রম চলাকালীন এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রধান শিক্ষক মুকুল হোসেন ঘটনার দিন সন্ধ্যায় শৈলকুপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কর্মস্থলে দেরিতে আসায় কৈফিয়ত চাওয়ায় পরিচ্ছন্নতাকর্মী ফরিদুল ইসলাম তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

অন্যদিকে অভিযুক্ত ফরিদুল ইসলামের দাবি, প্রধান শিক্ষকই প্রথমে তাঁর গায়ে হাত তুলেছিলেন, যার জেরেই মূলত হাতাহাতির ঘটনা ঘটে।

সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আলী পুরো ঘটনাটিকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থার সুপারিশ করা হবে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্যা জানান, প্রধান শিক্ষকের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে