নবপ্রকাশ ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগে বৈঠকে বসেছেন সরকার দলীয় সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারি দলের সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এদিকে, দেশের বিদ্যমান প্রেক্ষাপটে আজ বিকেলে ৩টায় বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের এই গুরুত্বপূর্ণ তৃতীয় অধিবেশন। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আজকের এই অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
সংসদ সূত্রে জানা গেছে, বিরোধী দল এই অধিবেশনে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং দফায় দফায় লোডশেডিংয়ের মতো একাধিক জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে জোরালো ভূমিকা পালন করতে পারে। এর পাশাপাশি প্রশাসনে বিতর্কিত ও দলীয় নিয়োগের বিষয়েও বিরোধী দলীয় সংসদ সদস্যরা সরব হবেন বলে শক্ত ইঙ্গিত পাওয়া গেছে।সংসদের বৈঠক ও অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবন এবং এর সংলগ্ন এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে শেরেবাংলা নগরসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
