নবপ্রকাশ ডেস্ক
বাংলাদেশ পুলিশের সাত কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একটি প্রজ্ঞাপনের মাধ্যমে পাঁচ কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
অন্য প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খানের পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়। তিনি এতদিন পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তাকে মাগুরা সদর সার্কেলে বদলি করা হয়েছিল।
নতুন আদেশ অনুযায়ী, মাগুরা সদর সার্কেলে বদলির সিদ্ধান্ত বাতিল করে তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।
