নবপ্রকাশ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক: পুলিশের ঊর্ধ্বতন প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল আনা হয়েছে। অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার মোট ১১ জন কর্মকর্তাকে নতুন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমেদ। জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথম প্রজ্ঞাপন: পাঁচ ডিআইজির নতুন দায়িত্ব পৃথক দুটি আদেশের একটিতে পুলিশের পাঁচজন উপ-পুলিশ মহাপরিদর্শককে (ডিআইজি) নতুন দায়িত্ব দেওয়া হয়েছে:
-
মো. রেজাউল করিম: খুলনা রেঞ্জের ডিআইজি।
-
মো. মোস্তাফিজুর রহমান: খুলনা রেঞ্জ থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি।
-
মোহাম্মদ মুসলিম: এন্টি টেরোরিজম ইউনিট থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি)।
-
মীর আশরাফ আলী: বিশেষ শাখা (এসবি) থেকে রেলওয়ে পুলিশের ডিআইজি।
-
সিদ্দিকী তাঞ্জিলুর রহমান: মেট্রোরেল শাখা থেকে বিশেষ শাখার (এসবি) ডিআইজি।
দ্বিতীয় প্রজ্ঞাপন: ছয় কর্মকর্তার পদে পরিবর্তন অপর প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার আরও ছয় কর্মকর্তার পদায়ন নিশ্চিত করা হয়েছে:
-
মো. সায়েদুর রহমান: কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) থেকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে।
-
মো. মাইনুল হাসান: অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) থেকে প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি), সারদা পুলিশ একাডেমি।
-
মো. ইকবাল হোসেন: ঢাকা রেঞ্জের ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে।
-
মো. কামরুল আহসান: পুলিশ অধিদপ্তরের ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশের বিশেষ শাখায় (এসবি)।
-
মো. সরদার নুরুল আমিন: বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি থেকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে।
-
জি এম আজিজুর রহমান: সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) থেকে অতিরিক্ত আইজিপি হিসেবে ট্যুরিস্ট পুলিশে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।
