নবপ্রকাশ ডেস্ক:
চলতি বছরের জানুয়ারিতে ৪০ বছরে পা দিয়েছেন দক্ষিণী ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী শ্রুতি হাসান। সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে হাজির হয়ে পিসিওএস (PCOS) এবং মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
শ্রুতি জানান, মাত্র ১৪ বছর বয়সে তাঁর পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম ধরা পড়ে। দীর্ঘদিন চিকিৎসকদের কাছ থেকে শুনেছেন, এই শারীরিক সমস্যার কারণে প্রাকৃতিকভাবে মা হওয়া কঠিন। ফলে একপর্যায়ে ধরে নিয়েছিলেন হয়তো কখনো জৈবিক সন্তানের জন্ম দিতে পারবেন না, এমনকি দত্তক নেওয়ার মানসিক প্রস্তুতিও নিয়েছিলেন।
তিনি বলেন, “আমাকে সব সময় বলা হয়েছে পিসিওএস থাকলে মা হওয়ার আশা ছেড়ে দিতে। ভেবেছিলাম চিকিৎসকের কাছে গেলে হয়তো শুনব সব পথ বন্ধ।”
তবে ৪০ বছর বয়সে এসে সেই ধারণায় পরিবর্তন এসেছে। চিকিৎসকদের পরামর্শ নিয়ে এখন তিনি নতুন করে আশাবাদী।
পডকাস্টে আইভিএফ বিশেষজ্ঞ ড. রিচিকা সহায় শুক্লা জানান, পিসিওএস ডিম্বস্ফোটনে সমস্যা করলেও মা হওয়া অসম্ভব নয়। সঠিক চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে পিসিওএসে আক্রান্ত অনেকেই মা হতে পারেন। এ আশার কথা শুনেই ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে আবার আশাবাদী হয়ে উঠেছেন শ্রুতি।
