স্পোর্টস ডেস্ক:
মাঠে তখন বিরতির সময়। সতীর্থদের সঙ্গে স্বাভাবিকভাবেই ওয়ার্ম-আপ করছিলেন সাবেক ইংলিশ ও টটেনহাম ফরোয়ার্ড আন্দ্রোস টাউনসেন্ড। ঠিক সেই মুহূর্তে পিচের ওপর আচমকা ঢুকে পড়া একটি মোটরচালিত পিচ রোলারের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অদ্ভুত ও ঝুঁকিপূর্ণ এই কাণ্ড ঘটে থাই লিগ ওয়ানের ম্যাচে, প্রাচুয়াপ ও পাট্টানির মধ্যকার দ্বৈরথে।
শনিবার পাট্টানির মাঠে বিরতির সময় প্রাচুয়াপের খেলোয়াড়েরা মাঠের এক পাশে অনুশীলনে ব্যস্ত ছিলেন। ঠিক সে সময় মাঠকর্মীদের একজন মোটরচালিত পিচ রোলার নিয়ে মাঠের ভেতর ঢুকে পড়েন। অনুশীলনের জায়গা থেকে কিছুটা বেরিয়ে সতীর্থকে পাস দেওয়ার চেষ্টায় ছিলেন টাউনসেন্ড, ফলে পেছন থেকে আসা রোলারটির দিকে তার খেয়াল ছিল না।
চলন্ত রোলারটি পেছনে এসে টাউনসেন্ডকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। অনাকাঙ্ক্ষিতভাবে রোলারটি তার পায়ের ওপর দিয়ে উঠে প্রায় কোমর পর্যন্ত চলে যায়। দৃশ্যটি দেখে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে চালক রোলার থেকে নেমে এসে সেটি সরিয়ে টাউনসেন্ডকে তোলার চেষ্টা করেন।
সৌভাগ্যক্রমে মারাত্মক কোনো চোটের শিকার হননি ৩৫ বছর বয়সী এই ইংলিশ তারকা। দ্রুতই নিজে থেকে উঠে দাঁড়ান তিনি এবং কিছুক্ষণ পর আবার সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপ সম্পন্ন করেন। পরবর্তীতে ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠেও নামেন টাউনসেন্ড। তার দল প্রাচুয়াপ শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচ শেষে নিজের এই অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করতে ছাড়েননি টাউনসেন্ড। ইনস্টাগ্রামে ঘটনার মুহূর্ত তুলে ধরে তিনি লেখেন, “মনে হচ্ছে, স্টোকের মাঠে খেলতে যাওয়া মোটেও খারাপ ছিল না।” উল্লেখ্য, ইংলিশ ফুটবলে ‘স্টোক সিটির মাঠে খেলা’ অত্যন্ত কঠিন অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হয়, সেটির প্রতি ইঙ্গিত করেই রসিকতাটি করেন তিনি।
দীর্ঘ ও সমৃদ্ধ ক্যারিয়ারে ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টটেনহাম হটস্পার, নিউক্যাসল ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস, এভারটন ও লুটন টাউনের মতো ইংলিশ ক্লাবগুলোতে খেলেছেন টাউনসেন্ড। জাতীয় দল ইংল্যান্ডের হয়েও ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই উইঙ্গারের। ২০২৪ সালে ইংল্যান্ড ছাড়ার পর তুরস্কের ক্লাবে কিছুদিন খেলে থাইল্যান্ডের ফুটবল লিগে যোগ দেন তিনি।
