ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে অজ্ঞাত যুবকের এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে সামান্য কথাকাটাকাটির একপর্যায়ে জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।
সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। এ সময় হঠাৎ বিকট শব্দ ও গুলির আওয়াজে স্থানীয় ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ছোটাছুটিতে দুইজন লোক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে ওই যুবকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা বাসিন্দা হাচান আমিন জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার হাইওয়ে থানার সামনে চা খেতে নামেন এক যুবক ও যুবতী। সড়কে দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ওই যুবককে বলেন ভাই প্রাইভেটকারটি সাইড করে রাখেন। এ নিয়ে স্থানীয়দের সাথে কথা কাটাকাটির একপর্যায় গাড়ি থেকে পিস্তল দিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি করতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, বিষয়টি জানা নেই। তারপর এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবো।
