ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » পাবনায় শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড: দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ

পাবনায় শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড: দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ

পাবনায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচারকাজ সম্পন্ন করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও নিহত শিশুটির সহপাঠীরা। ‘বিক্ষুব্ধ জনতা’র ব্যানারে রোববার দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি পাবনা আদালত চত্বরে গিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানানো হয়।

এর আগে এ ঘটনায় শিশুটির প্রতিবেশী মোস্তফা প্রামাণিক ও তার ভাড়াটিয়া ইয়াছিনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্য, শিশুটিকে মোস্তফার মুদি দোকানের পেছনের একটি ঘরে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে শিশুটিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা এখনো বিরাজ করছে। রোববার তৃতীয় দিনের মতো প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। দরজা-জানালা ও আসবাবপত্র লুটের ঘটনাও ঘটেছে। এতে বাড়িটি এখন অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা বা অভিযোগ করেনি।

বিক্ষুব্ধ ব্যক্তিরা রোববার সকাল আটটা থেকে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছিলেন। পরে কর্মসূচি পরিবর্তন করে আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর ওই শিশু নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার সাত দিন পর গত বুধবার সকালে কুলুনিয়া গ্রামে নিজেদের বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে