ঢাকা
ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » পাঁচ বছরের নীরবতা ভাঙলো: আবার সিনেমার গানে ফিরলেন আগুন

পাঁচ বছরের নীরবতা ভাঙলো: আবার সিনেমার গানে ফিরলেন আগুন

নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গায়ক আগুন দীর্ঘ দিন পর আবারও সিনেমার গানে ফিরলেন। বিশেষ করে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর চলচ্চিত্রের কালজয়ী গান গেয়ে শ্রোতাহৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি। সর্বশেষ ২০২১ সালে ‘শত্রু’ সিনেমায় কণ্ঠ দেওয়ার পর প্রায় পাঁচ বছরের দীর্ঘ বিরতি শেষে রূপালী পর্দার গানে ফের মুখরিত হলেন এই শিল্পী।

দীর্ঘ বিরতি কাটিয়ে সম্প্রতি মোস্তাফিজুর রহমান বাবুর নির্দেশনায় ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক আগুন। নিশাত তাসনিম ও সরয়ার হোসেনের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আনোয়ার শিকদার টিটন। এতে আগুনের সাথে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা।

নতুন গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক আনোয়ার শিকদার টিটন বলেন, ‘আগুন আমাদের চলচ্চিত্রের সোনালী সময়ের একজন শ্রোতানন্দিত গায়ক। গানটির কাজ শুরুর সময় থেকেই তাকে মাথায় রেখেছিলাম। সুর ও সংগীত শেষে গানটি পাঠালে তিনি বেশ পছন্দ করেন এবং উৎসাহের সঙ্গেই ভয়েস রেকর্ড সম্পন্ন করেন।’ সালমান শাহ ও মৌসুমী অভিনীত কালজয়ী ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল আগুনের। প্রথম সিনেমাতেই চমৎকার গায়কী দিয়ে শ্রোতাদের নজর কাড়েন তিনি। এরপর নব্বইয়ের দশকে একের পর এক জনপ্রিয় হিট গান উপহার দেন এই গায়ক। আগুনের কণ্ঠে উল্লেখযোগ্য সিনেমার গান রয়েছে ‘দোলা’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’, ‘আশা ভালোবাসা’, ‘মায়ের অধিকার’, ‘জীবন সংসার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘এই ঘর এই সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘বিচার হবে’, ‘প্রেম পিয়াসী’, ‘আম্মাজান’, ‘ম্যাডাম ফুলি’, ‘দুই দুয়ারী’, ‘হাছন রাজা’, ‘১ টাকার বউ’ ও ‘আমার আছে জল’সহ আরও অনেক সিনেমায়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে