ঢাকা
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » পর্যটননগরী কক্সবাজার অব্যবস্থাপনায় দীর্ঘ হচ্ছে পর্যটক মৃ’ত্যুর মিছিল

পর্যটননগরী কক্সবাজার অব্যবস্থাপনায় দীর্ঘ হচ্ছে পর্যটক মৃ’ত্যুর মিছিল

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে বেড়াতে এসে একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটকরা। অব্যবস্থাপনা ও সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতার জন্য প্রাণহানিসহ পর্যটক হয়রানির হারও বাড়ছে পাল্লা দিয়ে।

সর্বশেষ গতকাল শনিবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় একটি বেসরকারিভাবে পরিচালিত প্যারাসেইলিং কার্যক্রমে অংশ নিয়ে ছিটকে সমুদ্রে পড়ে একজন পর্যটক নিহত হয়েছেন। নিহত পর্যটকের নাম অক্ষয় সৌভিক রায় (৩১)। তিনি খুলনা সিটি করপোরেশনের বানিয়াখামার এলাকার স্যার ইকবাল সড়কের বাসিন্দা শেখর রায়ের ছেলে। এ ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে কক্সবাজারের পর্যটন নিরাপত্তা, তদারকি ও নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে।

প্যারাসেইলিং দুর্ঘটনায় নিহতের ঘটনা নিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান গণমাধ্যমকে বলেছেন, ‘কক্সবাজারে প্যারাসেইলিং পরিচালনার কোনো অনুমোদন নেই। পর্যটকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সৈকতের বন্ধ অ্যাম্বুলেন্সটিও দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকালের মৃত্যুর ঘটনা সম্পর্কে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন গণমাধ্যমকে বলেন, খুলনা থেকে আট সদস্যের একটি দল কক্সবাজারে বেড়াতে আসে দুই দিন আগে।

গতকাল তারা দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনাকবলিত প্যারাসেইলিংটির আশপাশেও কোনো উদ্ধার অভিযানের ব্যবস্থা ছিল না। তদুপরি সেখানে পাঁচটি প্যারাসেইলিং প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ কোনো অনুমতি ছাড়াই ব্যবসা করছে। দুর্ঘটনাকবলিত প্যারাসেইলিংয়ের মালিক মোহাম্মদ ফরিদ বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গত ২০২৫ সালের ২০ মে দরিয়ানগরে প্যারাসেইলিং করতে গিয়ে এক পর্যটক সমুদ্রে পড়ে আহত হন। একই বছরের ৩০ আগস্ট এক নারী পর্যটক প্যারাসেইলিং থেকে ছিটকে ঝাউবাগানে পড়ে গাছের ডগায় আটকে ছিলেন দীর্ঘ সময়। ওই ঘটনার পরদিন জেলা প্রশাসন সাময়িকভাবে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। চলতি বছরের ১৬ জুন রশি ছিঁড়ে আরেক পর্যটক সমুদ্রে পড়ে যান। প্রায় ২২ মিনিট ভেসে থাকার পর তাঁকে উদ্ধার করা হয়।

কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে নিরাপত্তা মান না মেনেই প্যারাসেইলিং পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের বেশির ভাগে প্রশিক্ষিত অপারেটর, উদ্ধার নৌযান কিংবা জরুরি চিকিৎসার ব্যবস্থা নেই। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ রাখা উচিত। ঢাকা থেকে আসা পর্যটক মেসবাহ বলেন, প্যারাসেইলিংয়ে নিয়ন্ত্রণ হারালে দ্রুত উদ্ধারের ব্যবস্থা না থাকায় প্রাণহানির ঝুঁকি তৈরি হয়।

স্থানীয়দের অভিযোগ, দরিয়ানগরসহ সৈকতের কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরে নিয়মনীতি উপেক্ষা করে প্যারাসেইলিং পরিচালিত হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগে একাধিক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু প্রতিকারমূলক দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়ার নজির নেই।

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যুর হারও দাঁড়িয়েছে উদ্বেগজনকভাবে। সি-সেফ লাইফগার্ডের তথ্য অনুযায়ী, গত ১২ বছরে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ৭৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় জীবিত উদ্ধার করা হয়েছে এক হাজার ২৪ জনকে। সর্বশেষ গত ২৪ জুলাই কলাতলী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন পর্যটক হেলাল উদ্দিন। এখনো তার সন্ধান মেলেনি।

পর্যটকদের ঝুঁকি বাড়াচ্ছে নিম্নমানের টিউব ও জেট স্কি : অভিযোগ রয়েছে, জেলা প্রশাসনের নির্ধারিত টিউবের পরিবর্তে একটি অসাধু চক্র নিম্নমানের টিউব ভাড়ায় দিচ্ছে। এসব টিউব থেকে ছিটকে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ২০২৫ সালের ৯ জুন কলাতলীর সায়মন পয়েন্টে টিউব থেকে পড়ে রাজশাহী থেকে আসা শাহীনুর রহমান (৬০) ও তাঁর ছেলে সিফাত (২০) মারা যান।

এ ছাড়া সৈকতে গোসলরত পর্যটকদের খুব কাছ দিয়ে জেট স্কি চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ২০২১ সালের ২২ ডিসেম্বর সুগন্ধা পয়েন্টে জেট স্কির ধাক্কায় আহত হন সিলেটের পর্যটক মো. ফাহিম ওয়াহিদ। ২০২৪ সালের ২১ অক্টোবর সি-গার্ল পয়েন্টে জেট স্কি থেকে পড়ে বরিশালের উজিরপুরের পর্যটক মোহাম্মদ আল মামুন মারা যান।

লাখো পর্যটকের সমুদ্র গোসলের নিরাপত্তায় সুগন্ধা, লাবণী ও কলাতলী পয়েন্টে মাত্র ২৭ জন সদস্য নিয়ে দায়িত্ব পালন করছে সি-সেফ লাইফগার্ড। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের সংকটের পাশাপাশি সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্সও প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে।

সর্বশেষ প্যারাসেইলিং দুর্ঘটনায় আহত পর্যটককে হাসপাতালে নিতে প্রায় দেড় ঘণ্টার বেশি সময় লেগেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর সৈকতে ছিনতাইকারী, তৃতীয় লিঙ্গের অসাধুচক্র ও যৌনকর্মীদের বিচরণ বেড়ে যায়। এতে পরিবার নিয়ে বেড়াতে আসা পর্যটকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

সৈকতের চটপটি বিক্রেতা রাসেল বলেন, অন্ধকার নামলেই ছিনতাইকারীদের দাপট বেড়ে যায়। অসতর্ক পর্যটকরা তাদের টার্গেটে পরিণত হন। রেন্ট-এ-বাইক সেবাও নতুন ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। গত এক বছরে মেরিন ড্রাইভ সড়কে রেন্ট-এ-বাইক দুর্ঘটনায় অন্তত পাঁচজন পর্যটকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো অনেকে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, চলতি বছর এ পর্যন্ত ৫৫ জন ভাসমান অপরাধী ও ১৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ১০টি মোবাইল ফোনসেট। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ ছাড়াও এ সময় উদ্ধার করা হয়েছে ১০টি মানব মৃতদেহ।

সৈকতে অনুমোদনহীন ঘোড়ার সংখ্যা বেড়ে ৫০টির বেশি হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত ১৫ জুন সুগন্ধা পয়েন্টে ঘোড়ার কামড়ে এক শিশু গুরুতর আহত হয়। পাশাপাশি সৈকতে ঘোড়ার মলের দুর্গন্ধেও ভোগান্তির অভিযোগ করেন পর্যটকরা।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, সমন্বয়হীনতার কারণে পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন না করলে পর্যটকের আস্থা কমে যাবে। সাতক্ষীরা থেকে আসা আহত পর্যটক মোস্তাফিজুর রহমান বলেন, কক্সবাজারে বিনোদনের অভাব নেই। কিন্তু নিরাপত্তাব্যবস্থার ঘাটতি এবং বিভিন্ন সরকারি সংস্থার অব্যবস্থাপনা চোখে পড়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে