ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নোরা ফাতেহির মন্তব্যে

নোরা ফাতেহির মন্তব্যে

বিনোদন ডেস্ক:

বিমান নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করে আইনি ঝামেলায় পড়েছেন বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী নোরা ফাতেহি। তার মন্তব্যের জেরে ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে একটি বিমান সংস্থা তিন কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে। গান্ধীনগরের আদালতে করা মামলায় সংস্থাটি অভিযোগ করেছে, নোরার বক্তব্য তাদের ব্যবসা ও সুনাম ক্ষতিগ্রস্ত করেছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে ডিউনস অ্যাভিয়েশনের একটি চার্টার্ড বিমানে ভ্রমণ করেন নোরা। সেই সময় বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। ভিডিওতে বিমানটি নিয়ে বিভিন্ন মন্তব্যও করতে দেখা যায় অভিনেত্রীকে।

বিমান সংস্থাটির দাবি, নোরা ওই উড়োজাহাজকে ‘মিনিয়েচার’, ‘টয়’ ও ‘লেগো এয়ারপ্লেন’-এর মতো শব্দ ব্যবহার করে বর্ণনা করেছিলেন। নোরার বিপুলসংখ্যক অনুসরণকারী থাকায় সামাজিক মাধ্যমে প্রকাশিত এসব মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে বলেও দাবি করেছে সংস্থাটি। তাদের মতে, এর ফলে বিমানটির পাশাপাশি প্রতিষ্ঠানের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব পড়ে।

ডিউনস অ্যাভিয়েশনের অভিযোগ, যথাযথ প্রযুক্তিগত জ্ঞান বা তথ্য যাচাই না করেই নোরা এমন মন্তব্য করেছেন। তাদের ভাষ্য, বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর বিমানের বুকিং প্রায় ১৫ থেকে ২০ শতাংশ কমে যায়। একই সঙ্গে বাতিলের সংখ্যাও বেড়েছে বলে আদালতে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে, নোরার মন্তব্যের বিপরীতে নিজেদের বিমানের সক্ষমতা নিয়েও ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি। তাদের দাবি, অভিনেত্রী যে বিমানটিতে ভ্রমণ করেছিলেন সেটি কোনো অস্বাভাবিকভাবে ছোট উড়োজাহাজ নয়। নির্দিষ্ট যাত্রার জন্য সেটি উপযুক্ত মাপের একটি স্ট্যান্ডার্ড বিমান। বিমানটি ডিজিসিএ অনুমোদিত এবং যাত্রী পরিবহনের জন্য সম্পূর্ণ উপযোগী বলেও জানিয়েছে ডিউনস অ্যাভিয়েশন।

মামলায় নোরা ফাতেহির কাছ থেকে তিন কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। পাশাপাশি বিমানটি নিয়ে করা তার বিতর্কিত মন্তব্য, সামাজিক মাধ্যমের পোস্ট এবং অনলাইনে থাকা সংশ্লিষ্ট কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার জন্যও আদালতের কাছে আবেদন জানিয়েছে বিমান সংস্থাটি।

তবে ডিউনস অ্যাভিয়েশনের করা এসব অভিযোগ ও মামলার বিষয়ে এখনো নোরা ফাতেহির পক্ষ থেকে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে