ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নারী পুলিশ নিয়ে কারিনার ভিন্ন ভাবনা

নারী পুলিশ নিয়ে কারিনার ভিন্ন ভাবনা

বিনোদন ডেস্ক

বলিউডের সিনেমায় নারী পুলিশ চরিত্রকে প্রায়ই পুরুষালি অবয়বে দেখানো হয়—এমনটাই মনে করেন অভিনেত্রী কারিনা কাপুর। তার মতে, নারী পুলিশকে বন্দুক, মারামারি কিংবা পুরুষের মতো আচরণের মধ্যেই সীমাবদ্ধ রাখার প্রচলিত ধারণা বদলানো দরকার।

মেঘনা গুলজারের ‘দায়রা’ সিনেমায় পুলিশ কর্মকর্তা অজুনীর চরিত্রে অভিনয় করেছেন কারিনা। ছবিটির প্রচারণায় এসে নারী পুলিশ চরিত্রের উপস্থাপন নিয়ে নিজের ভাবনা জানান তিনি।

কারিনার মতে, সমাজে নারী পুলিশকে ঘিরে একটি নির্দিষ্ট ধারণা তৈরি হয়েছে। সেই ধারণায় একজন নারী পুলিশকে কঠোর দেখাতে হলে তাকে পুরুষালি আচরণ করতে হবে—এমন ভাবনা রয়েছে। ‘দায়রা’য় পরিচালক মেঘনা গুলজার সেই প্রচলিত ছক থেকে বেরিয়ে ভিন্ন ধরনের একটি চরিত্র তৈরি করেছেন বলে জানান অভিনেত্রী।

কারিনা বলেন, অজুনীকে একই সঙ্গে নারীর স্বাভাবিক বৈশিষ্ট্য ধরে রেখেও দৃঢ় ও কঠোরভাবে উপস্থাপন করা হয়েছে। চরিত্রটি প্রয়োজনে সাজগোজ করবেন, হাসিমুখে পরিস্থিতি সামলাবেন, আবার দায়িত্ব পালনের সময় থাকবেন যথেষ্ট দৃঢ়।

অজুনীর চরিত্রে অভিনয় করাকে নিজের জন্যও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন কারিনা। তার ভাষায়, চরিত্রটির ভেতরে সবসময় একটি দ্বন্দ্ব কাজ করে। নিজের জীবনদর্শনের সঙ্গেও এর পার্থক্য রয়েছে বলে জানান তিনি।

কারিনা বলেন, বাস্তব জীবনে তিনি বিষয়গুলোকে অনেকটা সাদা-কালোভাবে দেখতে অভ্যস্ত। কিন্তু ‘দায়রা’য় কোনো কিছুই এত সরল নয়; বরং চরিত্র ও পরিস্থিতির মধ্যে ধূসর জায়গাটিই বেশি গুরুত্বপূর্ণ।

এদিকে অভিনয়ের বাইরে ভবিষ্যতে পরিচালনা বা প্রযোজনায় যাওয়ার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন কারিনা। আপাতত অভিনয়েই নিজের মনোযোগ রাখতে চান তিনি।

অভিনেত্রীর ভাষ্য, ভিন্নধর্মী চরিত্রে কাজ করতেই তার সবচেয়ে বেশি আগ্রহ। পরিচালনা বা প্রযোজনার চেয়ে অভিনয়কেই নিজের সবচেয়ে পছন্দের কাজ হিসেবে দেখেন তিনি। তাই ভবিষ্যতেও নতুন ধরনের চরিত্র খোঁজার দিকেই মনোযোগ দিতে চান কারিনা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে