নবপ্রকাশ ডেস্ক:
নারী শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য সড়কে আরও ১০০টি ‘পিংক বাস’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ১৩টি রুটে মাত্র ১৪টি পিংক বাস সচল রয়েছে, যা ক্রমবর্ধমান যাত্রী চাহিদার তুলনায় অপ্রতুল। নারী যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দ্রুতই নতুন এসব বাস বহরে যুক্ত করা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়। সংসদীয় কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে সড়ক দুর্ঘটনা রোধে সারা দেশের ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলো প্রশস্ত ও সোজা করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া নতুন বাস্তবায়নাধীন সড়ক প্রকল্পগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে ঢাকা ও আশপাশের সড়কে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রণালয়ের চলমান পরিকল্পনাগুলো বৈঠকে উপস্থাপন করা হয়।
কমিটির বৈঠকে কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানসহ কমিটির সদস্য ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
