ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নাগরিকের অধিকার সুরক্ষায় সরকার কোনো আপস করবে না’

নাগরিকের অধিকার সুরক্ষায় সরকার কোনো আপস করবে না’

যে কোনো পরিস্থিতিতে নাগরিকদের অধিকার সুরক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) আয়োজিত ‘মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধে ফৌজদারি বিচার ব্যবস্থার প্রতিক্রিয়া শক্তিশালীকরণ’ বিষয়ক এক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “মানব পাচার চরম অমানবিক ও জঘন্য অপরাধ। একটি চক্র মানুষের জীবনকে জিম্মি করে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করছে। এই অপতৎপরতা বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।”

আইনি কাঠামোর সংস্কার তুলে ধরে মন্ত্রী জানান, ২০২৬ সালের মানব পাচার আইনের আওতায় পাচারের সংজ্ঞাকে আরও বিস্তৃত ও বাস্তবসম্মত করা হয়েছে। পাশাপাশি ১৮৮৭ সালের জুয়া আইন সংশোধন করে অনলাইন জুয়া, পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রমকে কঠোর আইনি নজরদারিতে আনা হয়েছে। ২০১৯ সালে মানব পাচারবিষয়ক আন্তর্জাতিক প্রোটোকল অনুসমর্থন করার পর থেকে বাংলাদেশ বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।

তবে সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের বাহিনী অত্যন্ত সতর্ক থাকা সত্ত্বেও জনবল, প্রমাণের অভাব এবং অভিযোগকারীদের পর্যাপ্ত সহযোগিতার ঘাটতির মতো কিছু চ্যালেঞ্জ রয়েছে। এছাড়া বেকারত্ব ও জীবিকার তাগিদে বিদেশে যাওয়ার প্রবণতা এবং ট্যুরিস্ট ভিসায় গিয়ে অবৈধ হয়ে পড়ার ঘটনাও জটিলতা তৈরি করছে। তবে এসব সত্তেও আগের তুলনায় মানব পাচার অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।”

বিদেশে থাকা বাংলাদেশি অভিবাসীদের অধিকার রক্ষায় বিশেষজ্ঞদের কার্যকর পরামর্শ আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, “আমাদের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, তবে নাগরিকদের অধিকার রক্ষায় সুনির্দিষ্ট ও ভালো যেকোনো সুপারিশ গ্রহণে সরকার প্রস্তুত।”

আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিয়ান হোলগে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে